সৌদি আরবের সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলা উপজেলায় একটি গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় উপজেলার নজিপুর পৌরসভার কলোনিপাড়া এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. কামারুজ্জামান।
নজিপুর পৌরসভার কলোনিপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, জামাত শুরু হওয়ার আগেই জেলার পোরশা, ধামইরহাট, মহাদেবপুর, সাপাহার, বদলগাছী ও জয়পুরহাট থেকে মুসল্লিরা ভ্যান, সাইকেল ও মোটরসাইকেলে করে এসে অংশ নেন। পুরুষদের পাশাপাশি নারীরাও নামাজে অংশ নেন। জামাতে প্রায় ৬০ থেকে ৭০ জন মুসল্লি অংশগ্রহণ করেন।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
আয়োজক কমিটির সভাপতি আব্দুল মান্নান বলেন, “গত ১২ বছর ধরে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে নজিপুরে ঈদের নামাজ আদায় করে আসছি। আমরা রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ করি, তাই তাঁর দেখানো পথেই ঈদ উদযাপন করছি।”
কেএইচ/আরএন