মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি পেট্রোলের দোকানে লিটারে কম তেল দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত চারটি প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছেন। সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় লিটারে কম তেল দেওয়ার সত্যতা প্রমাণিত হওয়ায় এই জরিমানা করা হয়।
জানা যায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি তেলের সংকট হওয়ার আশঙ্কায় জ্বালানি তেল বিক্রির দোকানসমূহে তেল না দেওয়া, দোকান বন্ধ রাখা এবং লিটারে কম দেওয়ার অভিযোগ উঠেছে। কয়েক দিন যাবৎ কোনো কোনো দোকানি মোটরসাইকেল চালকদের এক লিটার ও আধা লিটার হারে পেট্রোল ও অকটেন বিক্রি করছেন। এসব অভিযোগের ভিত্তিতে সোমবার উপজেলার শমশেরনগর ও ভানুগাছ বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন বিএসটিআই প্রতিনিধিকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় শমশেরনগর চৌমুহনাস্থ কৈলাস প্রসাদ তেলীর দোকানে গিয়ে সেটি বন্ধ থাকতে দেখেন। ম্যাজিস্ট্রেটের অভিযানের খবর পেয়ে দোকান খোলার পর দোকানে পর্যাপ্ত জ্বালানি তেল থাকতে দেখা যায়। পরে তেল বিক্রির লিটারিগুলো পরীক্ষা করে লিটারে কম দেওয়ার সত্যতা প্রমাণিত হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন বলেন, শমশেরনগরে কৈলাস প্রসাদ তেলীর দোকানে মাপে কম দেওয়ার সত্যতা পাওয়া গেছে। এ দোকানে ৩০ হাজার টাকা জরিমানাসহ কমলগঞ্জের আরও তিনটি দোকান মিলিয়ে সর্বমোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসএস/আরএন