নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার একটি খাল থেকে এক অজ্ঞাত যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ মার্চ) সকাল ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি বৃষ্টিধারা খালের পানিতে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খালের পানিতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে দুর্বৃত্তরা গুম করার উদ্দেশ্যে লাশটি কচুরিপানার নিচে রেখে যায়। নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে লাশের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিংয়ের জন্য সিআইডি ও পিবিআই টিমকে খবর দেওয়া হয়েছে।
লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
এসএস/আরএন