পটুয়াখালীর বাউফলে মারিয়া আক্তার (১৯) নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মারিয়া ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শনিবার (৭ মার্চ) ভোররাতে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাঢ়ী বাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মারিয়া আক্তার খেজুরবাড়িয়া গ্রামের রিয়াজ আকনের মেয়ে। প্রায় এক বছর তিন মাস আগে একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ রাশেদের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি স্বামীর বাড়িতেই বসবাস করছিলেন।
পুলিশ জানায়, পারিবারিক কলহের কারণে মারিয়া আক্তার দীর্ঘদিন বিমর্ষ ছিলেন। শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মারিয়া। পরে তাকে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে সেখানে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা রিয়াজ আকন বাদী হয়ে বাউফল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
এএস/এসআর