গাজীপুরের কালীগঞ্জে সিএনজি চালিত অটোরিকশাকে ট্রাকের চাপা দেয়ার ঘটনায় এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন, যাদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বুধবার সকালে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কের ‘বালীগাঁও’ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিগ্যান মোল্লা বলেন, 'সকালে পাঁচ জন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ঘোড়াশালের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দিলে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও চার জন।'
তিনি বলেন, 'দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত দু'জনকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, একজনকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার নির্দেশনা দিয়েছেন চিকিৎসকরা।'
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাবেদ কাউসার বলেন, 'আহতদের মধ্যে দু'জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাদের উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে।'
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে নিহত ও আহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কটিতে যানবাহনের অতিরিক্ত গতি ও অসতর্ক চালনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
আরএস/এমএ