পাবনার ঈশ্বরদীতে বাড়ির উঠোন থেকে দাদির লাশ এবং সরিষা ক্ষেত থেকে নাতনির বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে মধ্যরাতে দাদিকে হত্যার পর বাড়ি থেকে নাতনিকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করা হয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভবানিপুর উত্তরপাড়ার জয়নাল খাঁর মা সুফিয়া খাতুন (৬৫) এবং মেয়ে জামিলা আক্তার (১৫)।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মধ্যরাতে হঠাৎ কান্নাকাটির আওয়াজ শুনে রাস্তায় বের হন স্থানীয়রা। পরে কান্নার আওয়াজ থেমে গেলে তারা বাড়িতে ফিরে যান। শনিবার সকালে বাড়ির উঠোনে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। এক পর্যায়ে জামিলার মরদেহও খোঁজাখুঁজির পর সরিষার ক্ষেতে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানিয়েছেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরএন