রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের মারধরের ঘটনায় পুলিশের চার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।
ডিসি মাসুদ বলেন, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতের ঘটনায় জড়িত চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও আরও দুই-তিনজনকে শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সোমবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের হেনস্তা ও মারধরের ঘটনা ঘটে। এসব ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়।
এরপর মঙ্গলবার দুপুরে ডিসি মাসুদ আলমের অপসারণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেন।
আরএন