গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততা, পেশাগত দক্ষতা, উদ্ভাবনী চিন্তা এবং জনসেবার প্রতি দৃঢ় অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
বুধবার (১৬ জুলাই) জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি (নাডা)-তে অনুষ্ঠিত ৭ম উন্নয়ন প্রশাসন প্রশিক্ষণ কোর্স এবং ৪র্থ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রিপারেশন (PMP)® প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে জনপ্রশাসন উপদেষ্টা ৭ম উন্নয়ন প্রশাসন প্রশিক্ষণ কোর্সের ২২ জন এবং ৪র্থ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রিপারেশন (PMP)® প্রশিক্ষণ কোর্সের ২৬ জন প্রশিক্ষণার্থীর হাতে সফল সমাপ্তির সনদ তুলে দেন এবং তাদের অভিনন্দন জানান।
বক্তব্যে তিনি বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে সরকারি অর্থের সঠিক, কার্যকর ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তরুণ কর্মকর্তাদের দক্ষতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের সঙ্গে প্রকল্প ব্যবস্থাপনা এবং জনসেবা কার্যক্রম আরও উন্নত করতে হবে।
তিনি আরও বলেন, একটি দক্ষ, স্বচ্ছ ও জনমুখী প্রশাসন গড়ে তুলতে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সমাপনী পর্বে প্রশিক্ষণার্থীরা দক্ষ, নৈতিক ও জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন অগ্রযাত্রায় কার্যকর অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর ও সরকারের সচিব ড. মো. কামরুজ্জামান এনডিসি, পিএমপি।
এসএ