নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরে মাদক ব্যবসার বিরোধকে কেন্দ্র করে ইমন (৩৯) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে জাহিদ বাহিনী।
সোমবার রাত ৯টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার হাজীর মাঠে এ ঘটনা ঘটে।
নিহত ইমন (৩৯) মাসদাইর গুদারাঘাট এলাকার খৈয়মের ছেলে।
স্থানীয়রা জানান, আনুমানিক রাত ৯টার দিকে মাসদাইর গুদারাঘাট এলাকার হাজীর মাঠে ইমন তার সহযোগীদের সাথে স্থানীয় মাদক ব্যবসায়ী জাহিদ গ্রুপের সদস্যদের সাথে বাগবিতণ্ডা হয়। এ সময় ইমনকে কুপিয়ে ফেলে রেখে যায় জাহিদ গ্রুপের সদস্যরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মান্নান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসএস/এমএ