ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রোহিঙ্গা শিবির পরিদর্শনে তুরস্কের প্রেসিডেন্টের পুত্রের নেতৃত্বে প্রতিনিধি দল
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২২ পিএম
X

কক্সবাজারে একদিনের সফরে রোহিঙ্গা শিবির পরিদর্শনে এসেছেন তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল।

বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় ঢাকা থেকে বিশেষ বিমানযোগে কক্সবাজার পৌঁছায় প্রতিনিধি দলটি। এ সময় কক্সবাজার বিমানবন্দরে তাদের স্বাগত জানান জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান এবং জেলা পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান।

এরপর প্রতিনিধি দলটি কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয় পরিদর্শন করে। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং রোহিঙ্গা শিবিরে কর্মরত তুরস্কের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেয়।

পরে আয়োজিত সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে নেকমেতিন বিলাল এরদোয়ান বলেন, রোহিঙ্গাদের জন্মভূমিতে নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরুর পর থেকেই তুরস্ক সরকার রোহিঙ্গাদের পাশে রয়েছে।

এ সময় তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

মতবিনিময় সভা শেষে নেকমেতিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে প্রতিনিধি দলটি উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শনে রওনা দেয়।

প্রতিনিধি দলটি উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে পৌঁছে তুর্কি ফিল্ড হাসপাতাল এবং তুরস্কের স্বেচ্ছাসেবী সংস্থা টিকা (টিআইকেএ) পরিচালিত মাল্টিপারপাস এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার পরিদর্শন করবে। পাশাপাশি রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত একটি চ্যারিটি ফুটবল ম্যাচে অংশগ্রহণের কথা রয়েছে।

ফুটবল ম্যাচ শেষে তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান ও জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিলসহ প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করবেন।

একদিনের এই সরকারি সফরে প্রতিনিধি দল রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি এবং মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করবে।

প্রতিনিধি দলে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সভাপতি আব্দুল্লাহ এরেন, ঢাকাস্থ তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিরা রয়েছেন।

রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে প্রতিনিধি দলটির রাতে বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।

এসইউ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝