রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার একটি কেন্দ্রে ভোট দিতে আসা দিলু শেখ নামে এক ব্যক্তিকে আর্থিক জরিমানা করেছেন উপজেলা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালের দিকে রাজবাড়ী-১ আসনের গোয়ালন্দে ৩৮নং দৌলতদিয়া ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত দিলু শেখ (৩৫) উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডল পাড়ার মৃত রহিম শেখ এর ছেলে।
ঘটনার সত্যতা স্বীকার করে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. নজরুল ইসলাম বাবু জানান, ভোট কেন্দ্রে আসা ঐ ব্যক্তি ভোটের লাইনে মোবাইল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় তার মোবাইলে একটি ফোন আসে। তিনি ফোন রিসিভ করলে তখন কেন্দ্রে পরিদর্শনে যৌথবাহিনি এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের দৃষ্টি গোচর হয় বিষয়টি। তৎক্ষনাৎ তাকে পাঁচ শত টাকা জরিমানা করে সতর্ক করা হয়। তবে পরে তিনি ভোট দিয়ে কেন্দ্র ছাড়েন।
এ বিষয়ে উপজেলা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান বলেন, দন্ডবিধি, ১৮৬০ এর ১৮৬ ধারা অনুযায়ী ৫০০ টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ দিনে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তিনি জরিমানার পাঁচ শত টাকা প্রদান করে।
এসআই/এসআর