ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাবার লাশ রেখে দুই ভাইয়ের মারামারি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯:০৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যশোরের কেশবপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবার লাশ রেখে দুই ভাই ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই ভাই ও তাদের দুই স্ত্রী আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলার সন্ন্যাসগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত চারজনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ন্যাসগাছা গ্রামের খালেক মান (৭৫) আজ ভোরে বার্ধক্যজনিত কারণে মারা যান। তার দুই ছেলে মাহবুবুর রহমান (৫২) ও আসাবুল (৪৫)। জীবদ্দশায় খালেক মান দুই ছেলের নামে জমি লিখে দেন। মাহবুবুরকে চুকনগর-গৌরীঘোনা সড়কের পাশে ১৮ শতক জমি এবং আসাবুলকে গ্রামের বাড়িসহ ১৫ শতক জমি দেওয়া হয়।

আসাবুলের অভিযোগ, তার বড় ভাই বাবাকে ভুল বুঝিয়ে সড়কের পাশে বেশি দামের জমি লিখে নিয়েছেন। তাকে তুলনামূলক কম মূল্যের জমি দেওয়া হয়েছে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে মাহবুবুরের বাড়িতে খালেক মান মারা যাওয়ার পর আসাবুল বাবাকে তাদের পুরোনো বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে দাফন না করার কথা বলেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়।

আসাবুল দাবি করেন, তার বাবাকে পারিবারিক কবরস্থানে দাফনের জন্য তিনি জায়গা দেখিয়ে দিলেও বড় ভাই ও তার ছেলেরা তাকে এবং তার স্ত্রী হালিমাকে মারধর করেন। তার (আসাবুলের) মাথায় আঘাত লেগেছে। তার স্ত্রী হালিমাকে লাঠি দিয়ে মারধর করা হয়েছে।

অভিযোগের বিষয়ে মাহবুবুর রহমান বলেন, পৈতৃক বাড়ির কবরস্থানে বাবাকে দাফন করতে বাধা দেওয়ার কোনো কারণ নেই। এ কথা জানতে চাইলে ছোট ভাই আসাবুল ও তার লোকজন তাদের ওপর হামলা করেন। পরে বাবার লাশ দাফন করে তারা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এ ঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানান তিনি।

আহত আসাবুল ও তার স্ত্রী হালিমা বেলা পৌনে দুইটার দিকে এবং মাহবুবুর ও তার স্ত্রী মমতাজ বিকেল সাড়ে চারটার দিকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে বেলা দেড়টার দিকে খালেক মানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিস্থিতি শান্ত হয় এবং লাশ দাফন করা হয়েছে। উভয় পক্ষকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টিআইএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝