আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য নিরসন ও সার্বিক অগ্রগতির দাবিতে সংসদ সদস্য প্রার্থীদের কাছে দাবি জানিয়েছে সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় ফোরাম।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফোরামের পক্ষ থেকে বলা হয়, সম্ভাবনাময় ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলা হওয়া সত্ত্বেও গত প্রায় ১৭ বছর ধরে সাতক্ষীরা কোনো বড় জাতীয় উন্নয়ন প্রকল্পের আওতায় আসেনি। ফলে যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, সুপেয় পানি, কৃষি ও কর্মসংস্থান খাতে জেলা মারাত্মকভাবে পিছিয়ে পড়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবে প্রতিবছর লক্ষাধিক পর্যটক সাতক্ষীরায় এলেও পর্যাপ্ত অবকাঠামোর অভাবে জেলার পর্যটন সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। জেলায় এখনো রেল যোগাযোগ, ক্রীড়া কমপ্লেক্স ও আধুনিক ফুড প্রসেসিং ব্যবস্থা গড়ে ওঠেনি। উপকূলীয় এলাকায় টেকসই বাঁধের অভাবে নদীভাঙন ও জলাবদ্ধতা মানুষের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলেছে। পাশাপাশি স্বাস্থ্য খাতে রয়েছে তীব্র জনবল সংকট।
এই প্রেক্ষাপটে সংসদ সদস্য প্রার্থীদের কাছে জেলার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে ফোরাম ১৬ দফা দাবি উত্থাপন করেছে।
দাবির মধ্যে রয়েছে—গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, জাতীয় রেল নেটওয়ার্কে সাতক্ষীরাকে সংযুক্ত করা, সুন্দরবনকেন্দ্রিক টেকসই ইকোট্যুরিজম গড়ে তোলা, উপকূলীয় এলাকায় টেকসই বাঁধ নির্মাণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সার্ভেয়ার ইনস্টিটিউট স্থাপন, পূর্ণাঙ্গ আন্তর্জাতিক স্থলবন্দর বাস্তবায়ন, আধুনিক সেচব্যবস্থা ও কৃষিপণ্য সংরক্ষণাগার স্থাপন, নার্সিং ইনস্টিটিউট ও ক্যান্সার নির্ণয় কেন্দ্র চালু, পাটকেলঘাটাকে উপজেলা হিসেবে উন্নীত করা, আধুনিক বাস টার্মিনাল নির্মাণ, নদীভাঙন ও জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণ, স্বাস্থ্য খাতে পর্যাপ্ত লোকবল নিয়োগ, আম-চিংড়ি ও মৎস্য খাতে আধুনিক প্রসেসিং প্ল্যান্ট স্থাপন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি এবং আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ।
ফোরামের নেতৃবৃন্দ বলেন, সাতক্ষীরার উন্নয়ন এখন আর দাবি নয়, এটি সময়ের প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত সংসদ সদস্যরা এসব দাবিকে তাদের অগ্রাধিকারমূলক কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে উন্নয়ন বৈষম্য দূর করতে কার্যকর উদ্যোগ নেবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় ফোরামের প্রধান উপদেষ্টা আফসার আলী, সভাপতি ইকবাল মাসুদ, সাধারণ সম্পাদক মোস্তফা বকুলুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান।
এসআর