জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, 'শেখ হাসিনার সন্তানদেরকে পুনর্বাসনের চেষ্টা করলে ১১ দলীয় জোটসহ বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে হলেও তাদেরকে প্রতিহত করবে।'
শনিবার রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের ভুঁইঘর এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, 'একটি রাজনৈতিক দলের প্রধান বিদেশী একটি গণমাধ্যমে ইন্টারভিউ দিয়ে বলেছেন জনগণ যদি চায় শেখ হাসিনার সন্তানরা ফিরে আসবে, তার মানে তিনি শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফিরিয়ে এনে পুনর্বাসনের চেষ্টা করছেন। শেখ হাসিনার সন্তানদের ফিরিয়ে আনার জন্য ০৫ অগাস্ট হাজারো ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দেয় নাই।'
০৫ অগাস্ট যদি শেখ হাসিনাকে দেশ ছাড়া করতে পারি ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ১১ দলীয় জোটের নির্বাচিত হওয়া কোনো বিষয় না বলে মন্তব্য করেন তিনি।
এনসিপি'র মুখপাত্র বলেন, 'একটি রাজনৈতিক দল বলতে শুরু করেছে ১২ তারিখ পর্যন্ত কোনো চাদাঁবাজি করা যাবে না। ওই দলের নেতাকর্মীরা ক্ষুধার্ত শকুনের মত বসে আছে। তারা দাতে ধার দিয়ে বসে আছে চাঁদাবাজি সন্ত্রাসী লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করবে বাংলাদেশকে। ওই দল ক্ষমতায় এলে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলবে।'
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।