ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ক্ষমতায় গেলে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক হবে ওসমানী বিমানবন্দর: জামায়াত আমীর
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৮ পিএম আপডেট: ০৭.০২.২০২৬ ৩:৫৩ পিএম
X

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সত্যিকারের পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত ঐতিহাসিক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “বিশ্ব যখন দ্রুত এগিয়ে যাচ্ছে, আমরা তখন পিছিয়ে পড়ছি। এই অবস্থা থেকে দেশকে বের করতে হলে দূরদর্শী ও সৎ নেতৃত্ব প্রয়োজন।” তিনি আরও বলেন, ম্যানচেস্টারসহ বিশ্বের গুরুত্বপূর্ণ গন্তব্যে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে এবং কোনোভাবেই তা বন্ধ হতে দেওয়া হবে না। কেউ বন্ধ করলে তা আবার চালু করা হবে।

তিনি বলেন, “দুর্নীতি দূর হলে দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, শিল্প ও অর্থনীতি নতুন গতিতে এগিয়ে যাবে।” যুবকদের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “এই দেশ এগিয়ে যাবে যুবকদের হাত ধরে। যুবকরাই বাংলাদেশ—এটি শুধু মুখের কথা নয়, বুকের কথাও।”

৫ আগস্টের স্মরণে তিনি বলেন, “যারা বুক চিতিয়ে জাতির স্বাধীনতা এনে দিয়েছে, জাতি তাদের প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকবে।” কুলাউড়ার ভূপ্রকৃতি প্রসঙ্গে তিনি বলেন, “পাহাড়-পর্বত, সমতল ভূমি, নদী-নালা মিলিয়ে কুলাউড়া আল্লাহর এক বিশাল নিয়ামত। এই এলাকার সব শ্রেণির মানুষকে বুকে নিয়ে আমি সামনে এগোতে চাই; কোনো বিভক্তি চাই না।”

চা-শ্রমিকদের বিষয়ে তিনি দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে বলেন, “মৌলভীবাজার চায়ের রাজধানী। চা-শ্রমিকদের ভুলে গেলে আমি নিজেকেই ভুলে যাব। তাদের সন্তানদের জন্য সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করা হবে। একজন চা-শ্রমিকের সন্তানও যেন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারে, এজন্য তাদের দায়িত্ব শুধু বাগান মালিকদের নয়, রাষ্ট্রকেও নিতে হবে।”

জনসভায় তিনি বলেন, “কুলাউড়া আমার জন্মভূমি। আমি এখানে জন্মগ্রহণ করেছি। নানা সময়ে কুলাউড়া উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। মানুষ তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন পায়নি। ইনশাআল্লাহ, এবারের নির্বাচনে ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমিও ভোট পেয়ে যাব। মূল এমপি থাকবেন সায়েদ আলী, আর ছায়া এমপি থাকবো আমি।”

জনসভায় জামায়াতের আমির মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে ভোট চাওয়া হয়।

জেলা জামায়াতের আমির ও মৌলভীবাজার-২ আসনের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. ইয়ামির আলীর সঞ্চালনায় সভায় দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এসআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝