গাজীপুরের কালীগঞ্জে ধান ক্ষেতের পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের দুটি আঘাতের চিহ্ন রয়েছে।
রোববার সকালে উপজেলার দক্ষিণবাগ শেখটাকি সড়কের পাশে একটি ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন এ তথ্য জানান।
নিহত ইলিয়াস শেখ (৩২) উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদি দর্গার টেক গ্রামের শরিফ শেখের ছেলে। তিনি পেশায় টিউবওয়েল মিস্ত্রী ছিলেন।
পুলিশ জানায়, সকালে স্থানীয় লোকজন দক্ষিণবাগ শেখটাকি সড়কের পাশে ধান ক্ষেতের পানিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে।
ওসি মো. জাকির হোসেন বলেন, 'উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে- কেউ ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে তাকে এখানে ফেলে রেখে গেছে।
আরএস/এমএ