ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভারতের সঙ্গে বিএনপির চুক্তির দাবি অপপ্রচার: মাহদী আমিন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ২:৫৯ পিএম
X

বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণরূপে অপপ্রচার।

তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দলের খুব প্রভাবশালী একজন নেতা ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়ে যে দাবি করেছেন, সেটি মূলত একটি মিডিয়ার বক্তব্যের ওপর ভিত্তি করে। স্বাভাবিকভাবেই তিনি এর স্বপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। আর প্রমাণ উপস্থাপন করতেও পারবেন না; কারণ এর ন্যূনতম বাস্তবতা নেই, সত্যতাও নেই।’

শনিবার গুলশান ৯০ নম্বর রোডে বিএনপির নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিতর্ক তৈরির উদ্দেশ্যে এটিকে একটি রাজনৈতিক অপকৌশল উল্লেখ করে মাহদী আমিন বলেন, ‘যদি তাকে ভুল তথ্য দেওয়া হয়ে থাকে এবং তিনি তা ছড়িয়ে থাকেন, তাহলে সেটি তার অজ্ঞতা। আমরা মনে করি, এটি অপকৌশলই হোক বা অজ্ঞতা—ভারতের সঙ্গে বিএনপির চুক্তি নিয়ে যেসব কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণরূপে অপপ্রচার।’

তিনি আরও বলেন, ‘আমরা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলতে সেটাই বুঝি—এখানে ইতিবাচক রাজনীতি হবে। কোনো অপপ্রচার বা অপরাজনীতি হওয়া উচিত নয়। কারণ বিএনপির রাজনীতি মানেই বাংলাদেশপন্থি রাজনীতি। আমাদের নেতা তারেক রহমানের রাজনীতিতে সবার আগে বাংলাদেশ। দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের ক্ষমতাকে কেন্দ্র করেই বিএনপির রাজনীতি।’

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যানের এই উপদেষ্টা বলেন, ‘ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের নামে যদি কেউ কোনো টাকা-পয়সা দাবি করে, তা একেবারেই অনাকাঙ্ক্ষিত।’

তিনি বলেন, ‘একটি প্রতারক চক্র বিতর্ক সৃষ্টির লক্ষ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার নামে কিছু কিছু এলাকায় টাকা দাবি করছে। বিএনপি চেয়ারম্যান নারীর ক্ষমতায়ন ও কৃষকের সমৃদ্ধির জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদানের যে পরিকল্পনা নিয়েছেন, তা ইতোমধ্যেই দেশব্যাপী আলোচিত ও সমাদৃত হয়েছে। বিএনপি যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে সম্পূর্ণ বিনামূল্যে এবং যথাযথ ব্যক্তিদের হাতে রাষ্ট্রীয় উদ্যোগে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।’

মাহদী আমিন জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী সমাবেশে অংশ নিতে আজ রাতে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন। আগামীকাল (২৫ জানুয়ারি) সকালে তিনি স্থানীয় একটি হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীকে নিয়ে ‘ইউথ পলিসি টক’-এ অংশ নেবেন। এরপর তিনি চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন। সেখান থেকে বেরিয়ে তিনি পাইলট হাইস্কুল মাঠে আরেকটি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, সোনাগাজীর দিকবাজির মাঠ এবং দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনটি নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। পথে তিনি নারায়ণগঞ্জের কাজল মাঠে একটি নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের একটি অংশ তারেক রহমানের সফরসঙ্গী হবেন।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝