ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইসলামী আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার আর সুযোগ নেই: মামুনুল হক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৬:১৩ পিএম
X

ইসলামী আন্দোলনের সঙ্গে আসন সমঝোতার আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তবে নির্বাচনের বাইরে রাজনৈতিক পর্যায়ে পারস্পরিক সমঝোতার সম্ভাবনা এখনো রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মামুনুল হক। এর আগে তিনি জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

মাওলানা মামুনুল হক বলেন, শুরু থেকেই যে প্রক্রিয়ায় আসন বণ্টনের সিদ্ধান্ত হয়েছে, ইসলামী আন্দোলন সে প্রক্রিয়ায় অংশ না নেওয়ায় এখন আর নতুন করে সমঝোতার সুযোগ নেই। একই প্রক্রিয়ায় অবশিষ্ট ৪৭টি আসনের বণ্টন সম্পন্ন করা হবে। তিনি জানান, প্রতিটি আসনে যে দলের প্রার্থীকে সবচেয়ে শক্তিশালী হিসেবে বিবেচনা করা হবে, তাকেই একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, সমঝোতা হওয়া আসনগুলোতে যে দলের প্রার্থী থাকবে, তিনি বাদে বাকিরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। ঐক্যবদ্ধভাবে সেটি প্রত্যাহার করা হবে। ১৯ জানুয়ারির আগে অন্য কোনো কিছুর সম্ভাবনা দেখা যাচ্ছে না। গতকাল ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলনের পরে তারা ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে ধরে নিয়েই ১০ দল কর্মপরিকল্পনা সাজাচ্ছে।

এক সাংবাদিক জানতে চান, ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলনে ১০ দলের মধ্যে থাকা ইসলামপন্থি দলগুলো ঠিক পথে আছে কি না, এমন প্রশ্ন তোলা হয়েছে। আপনারা ঠিক পথে আছেন কি না?

জবাবে মামুনুল হক বলেন, তাদের দল ঠিক পথেই আছে। সবার অনুভূতি এক হয় না। অন্যের অনুভূতিকে শ্রদ্ধা জানায় তার দল।

শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন না থাকার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না জানতে চাইলে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, ষড়যন্ত্র আছে, এমনটা মনে হচ্ছে না। শেষ পর্যন্ত সবাই মিলে একসঙ্গে নির্বাচন করতে না পারাকে নিজেদের ব্যর্থতা বলেই ধরে নেওয়া যায়।

আরেক সাংবাদিক জানতে চান, ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছিল, জামায়াত ক্ষমতায় গেলে শরিয়াহ আইন প্রচলন করবে না, এর ব্যাখ্যা কীভাবে দেবেন?

জবাবে মামুনুল হক বলেন, জামায়াত আমিরের কথার মূল অর্থ হলো, যে প্রক্রিয়ায় বর্তমানে দেশ চলছে, নির্বাচন হচ্ছে, সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্য দিয়ে রাজনীতির ধাপে ধাপে অগ্রসর হতে হচ্ছে। এই প্রক্রিয়ায় এক দফার মধ্য দিয়ে হঠাৎ করে একদিনেই শরিয়াহ আইন বাস্তবায়ন করা সম্ভব নয়, সেটিই জামায়াত আমির বলেছেন। এই কথার মধ্যে কোনো অসঙ্গগতি নেই।

ইসলামী আন্দোলন সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া আগামী নির্বাচনে প্রভাব ফেলবে কি না জানতে চাইলে মামুনুল হক বলেন, সম্মিলিতভাবে ঐক্যের প্রতি মানুষকে আহ্বান জানানো হয়েছিল। সেই অঙ্গীকার থেকে সরে যায়নি দলগুলো। তাই খুব বেশি প্রভাব পড়বে বলে মনে হয় না।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝