বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার দুপুরে জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতার জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এর আগে সকালেই হামিদুর রহমান আজাদ স্বাক্ষরিত অন্য একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তাদের শরিক ১১ দলের প্রার্থী তালিকা ঘোষণা করার কথা ছিল। তবে জামায়াতে ইসলামী, চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতা না হওয়ায় সংবাদ সম্মেলন স্থগিত হয়েছে বলে ১১ দলীয় জোট সূত্রে জানা গেছে।
১১ দলীয় জোটের তথ্য অনুযায়ী, চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশকে ৪৫টি আসন ছাড়তে রাজি হয়েছে জামায়াতে ইসলামী। এছাড়া ৫টি আসনে প্রার্থী উন্মুক্ত রাখা হবে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কমপক্ষে ৬৫টি আসন দাবি করায় তারা সংবাদ সম্মেলনে অংশ নিতে রাজি হয়নি।
অন্যদিকে, মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসকে জামায়াতে ইসলামী ১৬টি আসন ছাড়তে রাজি হয়েছে। কিন্তু দলটি কমপক্ষে ২৫টি আসন দাবি করায় তারা সংবাদ সম্মেলনে অংশ নেয়নি। এই দুই দলের অনাস্থার কারণে আজকের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।
আরএন