ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
এক-দুই দিনের মধ্যে জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা: জামায়াত আমির
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৬:৫৪ পিএম
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীকাল বা পরশুর মধ্যেই জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন।

নির্বাচন কমিশনে বর্তমানে আপিল শুনানি চলমান রয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত জামায়াত নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হয়নি। এ বিষয়ে প্রশ্ন করা হলে জামায়াত আমির বলেন, “আপনারা আগামীকালের মধ্যেই দাওয়াত পাবেন, না হলে পরশুদিন। সবার সামনে আমরা একসঙ্গে হাজির হবো।”

ইইউ গত নির্বাচনে কোনো প্রতিনিধি দল পাঠায়নি। এবার কি তারা কোনো প্রতিনিধি দল পাঠাবেন? জানতে চাইলে জামায়াত আমির বলেন, এবার তারা ২০০ প্রতিনিধি পাঠাবেন। তারা জেলা ও সিটি কর্পোরেশন এলাকা কাভার করবেন।

দেশের স্বার্থে নির্বাচনের পরে খোলা মনে বসতে চান। তবে এর সঙ্গে আবার শর্ত জুড়ে দিলেন। জানতে চাইলে জামায়াতে ইসলামীর আমির বলেন, নিঃশর্ত কেন হবে? আরেকজনের দায় জোর করে আমি কেন কাঁধে নেব। আমরা তো দেশকে স্বচ্ছ জবাবদিহিতার দিকে এগিয়ে নিতে চাই।

প্রশাসনের অনেকেই আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছেন। এই প্রশাসনকে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা? জানতে চাইলে তিনি বলেন, আমরা মনে করি তারা বদলাবেন। অন্যথায় তাদের বদলাতে বাধ্য করা হবে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝