বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন গণতন্ত্রের ‘টর্চ বেয়ারার’ বা পথপ্রদর্শক বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, গণতন্ত্রের যে মশাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে প্রজ্বলিত হয়েছিল, তা দীর্ঘদিন ধরে বহন করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বর্তমানে সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তিনি এখন গণতন্ত্রের নেতৃত্ব দিচ্ছেন।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে জিয়া পরিষদ আয়োজিত দোয়া মাহফিল ও শোকসভায় এসব কথা বলেন তিনি।
খালেদা জিয়াকে আপসহীন নেতা আখ্যা দিয়ে আমির খসরু বলেন, যারা আজ দেশ ছেড়ে পালিয়ে গেছে কিংবা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ হিসেবে অবস্থান করছে, তারাই অতীতে নানা সময়ে আপস করেছে। একমাত্র বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত কোনো ধরনের আপস করেননি।
তিনি আরও বলেন, পরবর্তী সময়ে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম চালিয়ে গেছেন।
আমির খসরু বলেন, খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনের খুব অল্প সময়ই ক্ষমতায় ছিলেন। জীবনের বড় অংশ কেটেছে আন্দোলন–সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে। স্বৈরাচারের সঙ্গে আপস না করে তিনি সারা জীবন গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই করেছেন।
তিনি আরও বলেন, প্রত্যেকটি মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিএনপির পরিকল্পনা রয়েছে। এ সময় জাতির মধ্যে শৃঙ্খলা ফেরানোর আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা।
একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।
এসআর