ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শিক্ষকদের যৌক্তিক দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের আশ্বাস শিক্ষামন্ত্রীর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:১৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

শিক্ষকদের বদলি, নিয়োগসহ বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের আশ্বাস দিয়ে তিনি ক্লাস ছেড়ে রাজপথে না নামার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সারাদেশের বিভিন্ন কলেজের অধ্যক্ষরা অংশ নেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন, যৌক্তিক দাবির জন্য শিক্ষকদের রাজপথে আসতে হবে না। আমিও তাঁর সঙ্গে একমত হয়ে বলছি, প্রধানমন্ত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন। তাই আপনাদের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করব। তবে আপনারা ক্লাস বাদ দিয়ে রাজপথে আসবেন না।’

শিক্ষকদের বদলি ও নিয়োগসংক্রান্ত সমস্যার বিষয়ে তিনি বলেন, এসব সমস্যার সমাধান সরকারই করবে। এ লক্ষ্যে কাজ চলছে। শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে সরকার প্রতিনিয়ত সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিগত সরকারের সমালোচনা করে এহছানুল হক মিলন বলেন, গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা পিছিয়ে দেওয়া হয়েছে। জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং শিক্ষাঙ্গনে নৈরাজ্য বিরাজ করেছে।

তিনি বলেন, এ সময়ে যত্রতত্র শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হলেও শিক্ষার মানোন্নয়নে কোনো সুষম পরিকল্পনা ও বণ্টন ছিল না। অনেক কলেজে অনার্স কোর্স চালু করা হলেও সেখানে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষার্থী নেই। বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হলো দেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শুধু অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। বরং শিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মমুখী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অ্যাভিয়েশন খাতে দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিশ্বজুড়ে দক্ষ পাইলট ও অ্যাভিয়েশন খাতের জনবলের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশেও বিমানবহর সম্প্রসারিত হচ্ছে। এ খাতে দক্ষ পাইলট ও প্রয়োজনীয় জনবল গড়ে তুলতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কোর্স ও কারিকুলাম দ্রুত আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আগামী দিনের উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝