রাজধানীর নিউমার্কেট থানাধীন এলাকায় ব্যবসায়ী খন্দকার নঈম আহমেদ টিটন হত্যা মামলায় গ্রেফতার ‘শীর্ষ সন্ত্রাসী’ এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হোসেন এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।
পাঁচ দিনের রিমান্ড শেষে সুইডেন আসলামকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের রমনা জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান তাকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, সুইডেন আসলামকে ডিএমপি কার্যালয়ে নিয়ে মামলার বিষয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে তিনি মামলার মূল রহস্য এড়িয়ে বিভিন্ন সময়ে কৌশলে ভিন্ন ভিন্ন জবাব দিয়ে তদন্ত কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেন। মামলার সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের অবস্থান সম্পর্কেও তিনি সন্তোষজনক তথ্য দিতে পারেননি।
আবেদনে আরও বলা হয়, স্থানীয় তদন্তে এস এম আসলাম ওরফে সুইডেন আসলামের এ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ মামলার বাইরে একাধিক হত্যা মামলাতেও তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে অভিযোগ রয়েছে। তিনি পেশাদার অপরাধী ও শীর্ষ সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে অপরাধজগতের সঙ্গে যুক্ত থেকে বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তুলেছেন। আত্মগোপনে কিংবা দেশের বাইরে থেকেও অপরাধী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন বলে তদন্তে জানা গেছে। তার গড়ে তোলা গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন স্থানে তার নির্দেশে সহিংসতা ও অরাজকতা সৃষ্টি করে আসছে।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, বছিলা গরুর হাটের ইজারা নিয়ে সৃষ্ট বিরোধেও সুইডেন আসলামের ইন্ধন রয়েছে বলে তদন্তে জানা গেছে। বিভিন্ন সময়ে দেশের সহিংস কর্মকাণ্ডে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহকারী হিসেবেও তিনি ভূমিকা রেখেছেন বলে অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দীর্ঘ ২৭ বছর কারাভোগ শেষে জামিনে মুক্তি পান তিনি। এরপর রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেট এলাকায় চাঁদাবাজি, মার্কেট দখলসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করা হয়।
তদন্ত কর্মকর্তা আরও দাবি করেন, ১৯৮৬ সালের শাকিল হত্যা, নব্বইয়ের দশকে কামরুল ও মিজান হত্যা এবং বিভিন্ন সময়ে সংঘটিত আরও কয়েকটি হত্যাকাণ্ডসহ মোট ৯টি হত্যা মামলা, চাঁদাবাজি ও হত্যাচেষ্টার প্রায় ২২টি মামলার আসামি সুইডেন আসলাম। দীর্ঘ ২৭ বছর কারাগারে থাকার পরও তার অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ হয়নি। তার ভয়ে মামলাগুলোর সাক্ষীরা আদালতে সাক্ষ্য দিতে অনীহা প্রকাশ করছেন, ফলে বিচারিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন ব্যক্তির নাম ও ঠিকানা দিয়েছেন, যা যাচাই-বাছাই করা হচ্ছে।
আবেদনে বলা হয়, জামিনে মুক্তি পেলে আসামি পলাতক হয়ে পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন। তিনি মামলার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেও তদন্তের স্বার্থে সেগুলো যাচাই করা প্রয়োজন। আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এ কারণে মামলার সুষ্ঠু তদন্ত, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতার এবং আসামির দেওয়া তথ্য যাচাইয়ের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মাহবুব আলম রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২২ নভেম্বর থাইল্যান্ড যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরদিন ২৩ নভেম্বর তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ আগস্ট আদালত থেকে জামিনে মুক্তি পান টিটন। এরপর বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপনের সঙ্গে বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখতেন তিনি। টিটন ভাইকে বলতেন, ‘বড় ভাই, আমি আপনার অনেক আর্থিক ক্ষতি করেছি। এখন চেষ্টা করছি, আপনাদের যেন আর কোনো বদনাম না হয়। আমি যেন ভালোভাবে কাজ করে জীবনযাপন করতে পারি।’
ঘটনার কিছুদিন আগে রিপনকে শিডিউল কেনার কথা জানান টিটন। তিনি বলেছিলেন, ইনশাআল্লাহ, মোটামুটি কাজের মধ্যে থাকতে পারবেন। পরে ২৬ এপ্রিল তিনি রিপনকে ফোন করে জানান, এনামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল ওরফে কাইলা বাদল, শাহজাহান ও রনি ওরফে ভাঙ্গারী রনিদের সঙ্গে বছিলা গরুর হাটের ইজারার শিডিউল নিয়ে বিরোধ চলছে। পরদিন ২৭ এপ্রিল টিটন রিপনকে জানান, ওই ব্যক্তিরা তাকে ডাকছেন। তাদের সঙ্গে সমঝোতার মাধ্যমে কাজ করবেন বলেও জানান তিনি।
এরপর ২৮ এপ্রিল রাত ১১টার দিকে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে রিপন জানতে পারেন, নিউমার্কেট থানাধীন শাহনেওয়াজ হলের সামনের বটতলায় তার ছোট ভাই টিটনকে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২৯ এপ্রিল টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
উল্লেখ্য, ২০০১ সালে সরকারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় সুইডেন আসলামের নাম ছিল। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ২২টি মামলা হয়েছে, যার মধ্যে ৯টি হত্যা মামলা।
-টিএস