ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খেলাধুলা-সংস্কৃতির সঙ্গে শিক্ষাকে যুক্ত করে নতুন শিক্ষাব্যবস্থা: আমিনুল হক
✎
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:৪৩ পিএম আপডেট: ২৮.১১.২০২৬ ৪:৪৭ পিএম
X

শিক্ষাব্যবস্থাকে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত করে নতুন ধারায় সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতেই মূল্যায়ন করা হবে। কৃত্রিমভাবে ফলাফল বাড়িয়ে দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, সংস্কৃতি ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করে নতুন শিক্ষাব্যবস্থা প্রবর্তনের পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি সঠিক ইতিহাস, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুরে গার্লস আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে মিরপুর সায়েন্স কলেজের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, ‘শিক্ষাকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই। খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা একটি নতুন শিক্ষাব্যবস্থা প্রবর্তন করতে যাচ্ছি। ইতিমধ্যে জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য খেলাধুলার বই পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।’

শিক্ষার্থীদের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের সময়ে প্রকৃত মেধা ও যোগ্যতার মূল্যায়নের পরিবর্তে পাসের হার বাড়ানোর প্রবণতা ছিল। বর্তমান সরকার শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়নে গুরুত্ব দিচ্ছে। কৃত্রিম ফলাফল তৈরি না করে শিক্ষার্থীদের অর্জন যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে।

মিরপুর সায়েন্স কলেজের শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা ও ফলাফলের ক্ষেত্রে কলেজটি যে সুনাম অর্জন করেছে, তা ধরে রাখতে হবে। শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে।

বর্তমান সময়ে তরুণ প্রজন্ম নানা সামাজিক অবক্ষয় ও বিপথগামিতার ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে আমিনুল হক বলেন, নতুন প্রজন্মকে এ পরিস্থিতি থেকে রক্ষা করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হাত ধরেই বাংলাদেশকে একটি সমৃদ্ধ, উন্নত ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষার্থীদের বাংলাদেশের সঠিক ইতিহাস জানাতে হবে। তাদের মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

মিরপুর সায়েন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের সাবেক শিক্ষক ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খয়বার রহমান প্রিন্স, মিরপুর সায়েন্স কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো. শিপন আলী, মিরপুর গার্লস আইডিয়াল কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য মোকছেদুর রহমান আবির, টেকনিক পাবলিকেশনসের প্রতিষ্ঠাতা পরিচালক সুমন রেজা, মিরপুর গার্লস আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. শেখ ফরিদ এবং মিরপুর সায়েন্স কলেজের উপাধ্যক্ষ মো. মঞ্জুদার রহমানসহ অন্যরা।

অনুষ্ঠানে মিরপুর সায়েন্স কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পাশাপাশি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ২০২৫ সালের ভর্তি পরীক্ষায় সরকারি মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।

এ সময় কলেজের উপদেষ্টা, শিক্ষক, অভিভাবক, নবীন ও কৃতী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝