নড়াইলের কালিয়া উপজেলায় সাবেক সংসদ সদস্য ও সাবেক পৌর মেয়রের বাড়িসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বেন্দারচর ও আশপাশের কয়েকটি এলাকায় এসব ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, হামলার শিকার বাড়িগুলোর মধ্যে রয়েছেন নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাস এবং কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়ি। এ ছাড়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মীর বাড়িতেও হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের দাবি, সম্প্রতি কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় দুই নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ওই ঘটনার ক্ষোভ ও প্রতিশোধের জেরেই এসব হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত ১৮ নভেম্বর সন্ধ্যার পর বেন্দারচর এলাকায় বিএনপির একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ, পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। শোভাযাত্রায় অতর্কিত হামলার ঘটনায় কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ শাহীন ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
গতকাল শুক্রবার নিহত দুই নেতার কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং নড়াইল-১ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ নিয়ে যেভাবে খবর ছড়িয়েছে, তার সবটুকু পুরোপুরি সত্য নয়। বিক্ষুব্ধ জনতা কিছু বাড়িতে আগুন দিয়েছে। অন্যদিকে, কিছু বাড়িঘর ২০২৪ সালেই ভাঙচুর করা হয়েছিল।
ঘটনার পরিপ্রেক্ষিতে কালিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক উত্তেজনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
আরএন