ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টিএসসিতে সঞ্জীব সন্ধ্যা: প্রস্থানের ১৯ বছর, গান এখনো অমলিন
✎ শাহরিয়ার স্বপ্নীল
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:০৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কিছু কণ্ঠ কেবল গান গায় না, সময়ের সঙ্গে মানুষের ব্যক্তিগত স্মৃতির অংশ হয়ে ওঠে। সঞ্জীব চৌধুরী তেমনই একজন। তাঁর গান শুনলে কোথাও বিষণ্নতা, কোথাও প্রতিবাদ, কোথাও জীবনের প্রতি অদ্ভুত মমতা এসে ভর করে। তিনি ছিলেন গীতিকার, সুরকার, গায়ক ও সাংবাদিক। তবে পরিচয়ের এসব ভিন্ন ভিন্ন স্তর ছাপিয়ে মানুষের কাছে তিনি রয়ে গেছেন এক স্বতন্ত্র সংগীতভুবনের নির্মাতা হিসেবে।

১৯ নভেম্বর তাঁর মৃত্যুবার্ষিকী। মৃত্যুর পরও তাঁর গান নতুন শ্রোতার কাছে পৌঁছেছে, পুরোনো শ্রোতার কাছে ফিরে এসেছে স্মৃতির মতো। বাংলা গানের প্রচলিত ধারার বাইরে দাঁড়িয়ে যে নিজস্ব ভাষা, সুর ও প্রকাশভঙ্গি তৈরি করেছিলেন তিনি, সেটিই আজও তাঁকে আলাদা করে রাখে।

টিএসসিতে গান, স্মৃতিতে সঞ্জীব

এবারের মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ‘সঞ্জীব সন্ধ্যা ২০২৬’। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়নের আয়োজনে বিকেল ৫টায় টিএসসি ক্যাফেটেরিয়ার সামনের জায়গায় শুরু হয় অনুষ্ঠানটি। বৃষ্টির কারণে আয়োজনের সূচিতে কিছু পরিবর্তন এলেও উপস্থিত ছিলেন বহু সংগীতপ্রেমী। সন্ধ্যার এই আয়োজনে বিভিন্ন ব্যান্ড ও শিল্পী সঞ্জীব চৌধুরীর গান পরিবেশন করেন। শিল্পীদের গানের সঙ্গে দর্শকদেরও গলা মেলাতে দেখা যায়।

গণপোকা, সায়েম জয়, অর্ঘ্য দেব, স্বরব্যাঞ্জো, তুহিন কান্তি দাস, অনিন্দ্য বিশ্বাস, দ্য পোস্ট অফিস সোসাইটি, ইলা লালালালা, অনিক দাস, প্রিয়ন্তী আমিন, আনিয়া খান, রিমঝিমসহ বেশ কয়েকজন শিল্পী ও সংগীতদল এতে অংশ নেন। আয়োজকদের উদ্দেশ্য ছিল সঞ্জীবের গান, জীবনবোধ ও প্রতিবাদী চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। 

এ আয়োজন যেন শুধু মৃত্যুবার্ষিকী পালনের আনুষ্ঠানিকতা নয়; বরং বিশ্ববিদ্যালয়ের যে প্রাঙ্গণ থেকে তাঁর শিক্ষাজীবন ও সাংস্কৃতিক পরিমণ্ডলের স্মৃতি জড়িয়ে আছে, সেখানে তাঁর গানকে আবারও জীবন্ত করে তোলার প্রয়াস।

হবিগঞ্জ থেকে ঢাকার গান ও সংবাদপত্র

১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জের বানিয়াচংয়ে জন্ম সঞ্জীব চৌধুরীর। পড়াশোনার ধারাবাহিকতায় পরে ঢাকায় আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সঙ্গেও যুক্ত ছিলেন।

সংগীতের পাশাপাশি সাংবাদিকতা ছিল তাঁর পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ অংশ। সাপ্তাহিক উত্তরণ দিয়ে সাংবাদিকতা শুরু করে পরবর্তী সময়ে বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন তিনি। দৈনিক আজকের কাগজ, ভোরের কাগজ, যায়যায়দিন ও যুগান্তরের মতো সংবাদপত্রে তাঁর কাজের অভিজ্ঞতা ছিল। সাংবাদিকতার ভাষা, সমাজ পর্যবেক্ষণ ও মানুষের জীবনের নানা দিক তাঁর গানের কথায়ও এক ধরনের গভীরতা এনে দিয়েছিল বলে তাঁর সৃষ্টির মধ্য দিয়ে অনুভব করা যায়। 

গানের জগতে সঞ্জীব চৌধুরীর পথচলা শুধু একজন কণ্ঠশিল্পীর পরিচয়ে সীমাবদ্ধ ছিল না। গান লেখা, সুর করা এবং নিজস্ব সংগীতভাবনা প্রকাশের মধ্য দিয়ে তিনি তৈরি করেছিলেন আলাদা অবস্থান। আশির দশকে ‘শঙ্খচিল’ নামের একটি দলের সঙ্গে সংগীতচর্চা করেন। পরে ১৯৯৬ সালে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে গড়ে তোলেন ‘দলছুট’। এই ব্যান্ডের মধ্য দিয়ে বাংলা গানে যুক্ত হয় এক স্বতন্ত্র সংগীতপ্রকাশ, যেখানে আধুনিক সুরের সঙ্গে গীতিকবিতা ও ভিন্নধর্মী সংগীতভাবনার মেলবন্ধন ঘটে। 

দলছুটের ‘আহ্’, ‘হৃদয়পুর’, ‘আকাশচুরি’ ও ‘জোছনা বিহার’ অ্যালবামগুলো তাঁর সংগীতজীবনের উল্লেখযোগ্য কাজ। ‘বায়স্কোপ’, ‘আমি তোমাকে বলে দেব’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’, ‘রিকশা’ কিংবা ‘কথা বলবো না’র মতো গান শ্রোতাদের কাছে তাঁর পরিচিতি আরও বিস্তৃত করে। আবার শাহ আবদুল করিমের ‘গাড়ি চলে না’ গানটি তাঁর কণ্ঠে নতুন শ্রোতাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  

প্রস্থান আছে, বিস্মৃতি নেই

২০০৭ সালের ১৯ নভেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান সঞ্জীব চৌধুরী। তাঁর মৃত্যুর ১৯ বছর পেরিয়ে গেছে। কিন্তু তাঁর গান এখনো মানুষের ব্যক্তিগত স্মৃতি, ভালোবাসা, হতাশা, স্বপ্ন কিংবা প্রতিবাদের সঙ্গে মিশে আছে। তাঁর গানে প্রেম যেমন আছে, তেমনি আছে জীবনকে প্রশ্ন করার সাহস, সমাজকে দেখার ভিন্ন চোখ এবং মানুষের প্রতি মমতা।

সঞ্জীব চৌধুরীকে স্মরণ করতে তাই কেবল তাঁর পুরোনো গান স্মরণ যথেষ্ট নয়; তাঁর গানের ভেতরের কথাগুলো নতুন করে শোনাও জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সঞ্জীব সন্ধ্যা’ সেই ফিরে শোনারই একটি উপলক্ষ। নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে তাঁর গান পরিবেশিত হওয়া প্রমাণ করে, একজন শিল্পীর চলে যাওয়া তাঁর সৃষ্টির শেষ হয়ে যাওয়া নয়।

এসএস 


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝