চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের অধিবেশন চলাকালে চোখ বন্ধ করে বসে থাকতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বৃহস্পতিবার (নভেম্বর ১৯) ধারণ করা ওই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বক্তব্য চলাকালে ট্রাম্প ঘুমিয়ে পড়েছিলেন কি না, তা নিয়ে আলোচনা ও কটাক্ষ শুরু হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এপেক সম্মেলনের এক প্লেনারি অধিবেশনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বক্তব্য দিচ্ছিলেন। এ সময় ট্রাম্পকে মাথা কিছুটা নিচু করে চোখ বন্ধ অবস্থায় বসে থাকতে দেখা যায়। তবে ভিডিওতে একটি নারীকণ্ঠ শোনা গেলেও সেটি মূল বক্তব্যের অংশ, নাকি ধারাভাষ্য—তা স্পষ্ট নয়।
‘রিপাবলিকানস এগেইনস্ট ট্রাম্প’ নামের একটি পেজ থেকে ভিডিওটি প্রকাশের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের প্রেস দপ্তরও ভিডিওটি শেয়ার করে ট্রাম্পকে কটাক্ষ করে। পোস্টে বলা হয়, ‘বিশ্ব তাকে নিয়ে হাসছে।’
তবে ট্রাম্প সত্যিই ঘুমিয়ে পড়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। সম্মেলনের অন্য ভিডিওতে তাকে সক্রিয়ভাবে কথা বলতে দেখা গেছে। এসব ভিডিওতে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তার স্ত্রী পেং লিইউয়ানের আতিথেয়তার প্রশংসা করেন। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও কথা বলেন তিনি।
তথ্যসূত্র: বিবিসি, হিন্দুস্তান টাইমস
এসএস