মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশটির সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার হাজার সদস্যকে হত্যা করেছে। শুধু তাই নয়, রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের আওতাধীন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারকরা বহুল আলোচিত এই মামলার রায় পড়ার শুরুতে এ তথ্য জানিয়েছেন। রায় পাঠ এখনও চলছে।
আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেছেন, ‘‘মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা, ব্যাপক যৌন সহিংসতার পাশাপাশি শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে। বিপুলসংখ্যক রোহিঙ্গা যখন বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন পলায়নরত রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে।’’
তবে এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের অধীনে গণহত্যা কি না, বিচারকরা তা খতিয়ে দেখছেন।
জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) নেদারল্যান্ডসের দ্য হেগে বাংলাদেশ সময় বেলা ৩টায় বহুল প্রতীক্ষিত রায় পড়া শুরু করেছেন। রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার ঘটনায় গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় দেওয়া হচ্ছে।
গাম্বিয়া বলেছে, ২০১৭ সালে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার থেকে অন্তত ৭ লাখ ৩০ হাজার মুসলিম রোহিঙ্গাকে বিতাড়িত করা সামরিক অভিযানে সংঘটিত গণহত্যার রাষ্ট্রীয় দায় মিয়ানমারের। বেঁচে যাওয়া ব্যক্তিরা হত্যা, গণধর্ষণ এবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার ভয়াবহ বর্ণনা দিয়েছেন।
জাতিসংঘের একটি ফ্যাক্টস ফাইন্ডিং মিশন বলেছে, ওই সামরিক অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ অন্তর্ভুক্ত ছিল।
বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী আজ আইসিজের যুগান্তকারী রায়ের অপেক্ষায় রয়েছেন। এই রায় তাদের ন্যায়বিচারের কাছাকাছি নিয়ে যাবে এবং শেষ পর্যন্ত নিজ মাতৃভূমিতে ফেরার পথ তৈরি হবে বলে প্রত্যাশা করছেন তারা।
সরাসরি সম্প্রচারিত হওয়া ১৫ বিচারপতির এই আদালতের রায় বাংলাদেশের পাশাপাশি অন্যান্য আরও অনেক দেশের মানুষ গভীর আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করছেন।
• ২০১৭ সালের দমন-পীড়ন থেকে জাতিসংঘের আদালত: রোহিঙ্গা সংকটের এক দশক
২৫ আগস্ট, ২০১৭: সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) মিয়ানমারের রাখাইন রাজ্যে ৩০টি পুলিশ ফাঁড়ি এবং একটি সেনা ঘাঁটিতে হামলা চালায়।
২৬ আগস্ট, ২০১৭: মিয়ানমারের সেনাবাহিনী ও আরসার মাঝে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘাত তীব্র আকার ধারণ করায় হাজার হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসেন।
২ সেপ্টেম্বর, ২০১৭: ২৫ আগস্টের হামলার পর কয়েক সপ্তাহের মধ্যে রোহিঙ্গা-অধ্যুষিত এলাকায় ২ হাজার ৬০০টিরও বেশি ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়।
১১ সেপ্টেম্বর, ২০১৭: জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার এই সামরিক অভিযানকে ‘জাতিগত নিধনের পাঠ্যবইয়ের উদাহরণ’ হিসেবে অভিহিত করেন।
১৯ সেপ্টেম্বর, ২০১৭: মিয়ানমারের তৎকালীন নেতা অং সান সু চি মানবাধিকার লঙ্ঘনের পেছনে দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার করেন। তবে সেই সময় জাতিসংঘের জাতিগত নিধনের অভিযোগের বিষয়ে কিছু জানাননি তিনি।
১২ ডিসেম্বর, ২০১৭: আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীশিবিরে পরিচালিত এক জরিপের ফলাফল প্রকাশ করে। এতে বলা হয়, সবচেয়ে রক্ষণশীল হিসাবেও ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে অন্তত ৬ হাজার ৭০০ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী অন্তত ৭৩০টি শিশু রয়েছে।
১০ জানুয়ারি, ২০১৮: মিয়ানমার সেনাবাহিনী রাখাইনের ইন দিন গ্রামে আটক ১০ রোহিঙ্গাকে হত্যার অভিযোগ স্বীকার করে। ২০১৮ সালের এপ্রিলে সাত সৈন্যকে সাজা দেওয়া হলেও ২০১৯ সালের মে মাসে তাদের আগাম জামিন দেওয়া হয়।
• আইসিজেতে যেভাবে এগিয়েছে এই মামলা
নভেম্বর ২০১৯: গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে গাম্বিয়া। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭টি সদস্যরাষ্ট্রের পক্ষে এই মামলা করা হয়।
জানুয়ারি ২০২০: আইসিজে রুল জারি করেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মিয়ানমারকে ‘তার ক্ষমতার মধ্যে থাকা সব ধরনের ব্যবস্থা’ গ্রহণ করতে হবে।
২০২৩-২০২৪: কানাডা, জার্মানি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডসহ একদল দেশ আইসিজের বিচারপ্রক্রিয়ায় অংশ নেওয়ার এবং গণহত্যা সনদের বিষয়ে নিজেদের ব্যাখ্যা দেওয়ার অনুরোধ জানিয়ে ‘হস্তক্ষেপের ঘোষণা’দাখিল করে। আইসিজে এসব আবেদন গ্রহণ করেন।
জানুয়ারি ২০২৬: আইসিজে গণহত্যা মামলার ওপর প্রকাশ্য শুনানি গ্রহণ এবং এরপর আদালত রায় নিয়ে বিচার-বিশ্লেষণ শুরু করেন।
৩ নভেম্বর ২০২৬: আইসিজে ঘোষণা করেন, আগামী ১৯ নভেম্বর এই মামলার রায় প্রদান করা হবে।
সূত্র: এএফপি, বিবিসি।
টিআই