মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা নেতা শি জিনপিংয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। চীনের প্রযুক্তি কেন্দ্র শেনজেনের কিলিন ভিলায় তিন নেতাকে একসঙ্গে দেখা যায়।
মূল বৈঠক কক্ষে প্রবেশের আগে নিজ নিজ দেশের পতাকার সামনে দাঁড়িয়ে করমর্দন ছাড়াই ছবির জন্য পোজ দেন তারা।
চীনা সংবাদ সংস্থা সিনহুয়াকে শি জিনপিং বলেন, ‘চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের এটিই প্রথম বৈঠক। এর যুগান্তকারী তাৎপর্য রয়েছে।’
এর আগে আজই পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে আলাদাভাবে একান্ত বৈঠক করেন ট্রাম্প।
বিশ্লেষকদের ধারণা, বৈঠকে ইরান, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং বাণিজ্য নিয়ে আলোচনা হতে পারে। তবে এসব স্পর্শকাতর ইস্যুতে তিন দেশের মধ্যে গভীর মতপার্থক্য থাকায় বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর নেতাদের এই বৈঠক থেকে বড় কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা কম।
প্রসঙ্গত, চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবেই তিন নেতার এই বৈঠক হচ্ছে। তবে ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের এই উচ্চপর্যায়ের বৈঠক ঘিরে এপেক সম্মেলনের অন্যান্য আয়োজন অনেকটাই আড়ালে পড়ে গেছে।
-টিএস