ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:৫২ পিএম
X

নিরাপত্তা শঙ্কায় বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েছেন ভারত থেকে দেশে ফেরা যাত্রীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বেনাপোলের বিভিন্ন পরিবহনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে কলকাতা-ঢাকা রুটের সরাসরি বাস এবং স্থানীয় রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার ভোররাত থেকে বৃষ্টি এবং আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির কারণে ভারতফেরত যাত্রীর সংখ্যাও তুলনামূলক কম। যারা দেশে ফিরছেন, তাদের অনেকেই বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

শ্যামলী এন আর পরিবহনের বেনাপোল কাউন্টার ব্যবস্থাপক বাবলুর রহমান বলেন, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তার কারণে কলকাতা-ঢাকা রুটের সরাসরি বাস ছাড়া অন্য কোনো পরিবহনের বাস গতকাল থেকে বেনাপোল ছেড়ে যায়নি। বুধবার কলকাতা থেকে আসা দুটি বাস বেনাপোল ছেড়েছে। ওই বাসে ভারতফেরত অনেক যাত্রী ঢাকায় গেছেন।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার কলকাতা থেকে চারটি বাস আসার কথা রয়েছে। সেগুলোতে গন্তব্যে যেতে ভারতফেরত যাত্রীরা কাউন্টারে অপেক্ষা করছেন। তবে সরাসরি কলকাতা-ঢাকা বাস ছাড়া অন্য কোনো পরিবহনের বাস বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি।

সোহাগ পরিবহনের বেনাপোল কাউন্টার ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, লকডাউনের কারণে চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা না পাওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

কাউন্টার ব্যবস্থাপকদের ভাষ্য, বুধবার গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কাউন্টার কর্তৃপক্ষ জানায়, পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী ঢাকাগামী বাসের পাশাপাশি কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম ও রাজবাড়ী রুটের দূরপাল্লার বাসও বন্ধ রয়েছে। তবে বিকল্প পথে বরিশালগামী বাস চলাচল করছে।

দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় ভারত থেকে ফেরা যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে সমস্যায় পড়ছেন। পরিবহন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝