ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিপাত শুরু হওয়ায় দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলায় পণ্য বোঝাই-খালাস কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তবে ধীরগতিতে হলেও কার্যক্রম চলছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে গত দুই দিন ধরে সাগরে মাছ ধরা বন্ধ রয়েছে। জেলেরা সাগরসংলগ্ন নিরাপদ এলাকায় আশ্রয় নিয়েছেন। টানা বৃষ্টিতে সুন্দরবনের দুবলার চরে শুঁটকি তৈরির জন্য শুকাতে দেওয়া কাঁচা মাছ ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হয়ে রোদ না উঠলে জেলে ও মহাজনরা আর্থিক ক্ষতির মুখে পড়বেন বলে জানা গেছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. সালাহ্ উদ্দিন কবির বলেন, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি থাকলেও আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে রয়েছে। ফলে মোংলা বন্দরে পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলমান রয়েছে। তবে টানা বৃষ্টির কারণে কিছুটা সমস্যা হচ্ছে।
মোংলা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. হারুন উর রশিদ বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উপকূলজুড়ে বৃষ্টিপাত হচ্ছে। মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামী দুই দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
দুবলার চরে শুঁটকি প্রক্রিয়াকরণ ব্যাহত, দুই দিন ধরে সাগরে মাছ ধরা বন্ধ
এদিকে সাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন দুবলার চরের শুঁটকি প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত জেলেরা। মাছ ধরা বন্ধ রেখে গত দুই দিন ধরে তাঁরা নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। টানা বৃষ্টিতে শুকাতে দেওয়া মাছ ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দুবলার আলোরকোল থেকে মোবাইল ফোনে দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, গত দুই দিন ধরে সাগরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। ঝড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সাগরে মাছ ধরতে না পেরে শুঁটকি প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত জেলেরা তাঁদের নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের আলোরকোল, মেহেরআলী, শেলারচর ও মাঝেরকেল্লা এলাকার খালে নিরাপদ আশ্রয় নিয়েছেন।
তিনি আরও জানান, দুই দিন আগে সাগর থেকে ধরে এনে শুকাতে দেওয়া মাছ বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। দ্রুত আবহাওয়া ভালো না হলে এসব মাছ নষ্ট হয়ে যাবে। চলতি শুঁটকি মৌসুমের শুরুতেই জেলেরা দুই দফা বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন।
আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন, মৌসুমের শুরুতে দুই দফা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলেরা সাগরে মাছ ধরতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। গত দুই দিনের বৃষ্টিতে জেলেদের অনেক কাঁচা মাছ ভিজে নষ্ট হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান মোবাইল ফোনে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। দুবলার চরের শুঁটকি প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত জেলেরা গত দুই দিন ধরে সাগরে মাছ ধরতে যেতে পারেননি। বর্তমানে দুবলার চর এলাকায় ১০ হাজারের বেশি জেলে অবস্থান করছেন বলে জানান তিনি।
এসএস/আরএন