খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে আধুনিক স্লুইস গেট কাম পাম্প হাউজ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নগরীর রূপসা পাইকারি মৎস্য বাজারসংলগ্ন খালে এ নির্মাণকাজের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় কেসিসি এ কাজ বাস্তবায়ন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, মহানগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে সিটি করপোরেশন এ প্রকল্প গ্রহণ করেছে। আধুনিক প্রযুক্তিনির্ভর এ প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর জলাবদ্ধতা নিরসনে বড় ধরনের অগ্রগতি অর্জিত হবে। নগরবাসীকে সেবা প্রদানে কেসিসি ধারাবাহিকভাবে কাজ করে যাবে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা শহরের প্রধান প্রধান এলাকার বড় ড্রেনের পানি রূপসার এ খাল দিয়ে নদীতে নিষ্কাশিত হয়। তবে জোয়ারের সময় ভারী বৃষ্টিপাত হলে খালের পানি নদীতে নামতে বাধাগ্রস্ত হয়। ফলে নগরীর বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং চলাচলে দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে।
নির্মাণাধীন আধুনিক স্লুইস গেটটি নদীতে জোয়ারের সময় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। অন্যদিকে, বৃষ্টির পানি জমে থাকলে পাম্পের সাহায্যে তা দ্রুত অপসারণ করা হবে। এতে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে প্রকল্পটি।
প্রকল্পের কাজ ২০২৭ সালের জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরীর প্রধান অংশের জলাবদ্ধতা শতভাগ নিরসন সম্ভব হবে। পাশাপাশি কাস্টম ঘাট থেকে লবণচরা পর্যন্ত ছয়টি স্লুইস গেট একটি কেন্দ্রীয় ইউনিটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে খুলনা সিটি করপোরেশনের কার্যালয়ে বসেই কম্পিউটারাইজড পদ্ধতিতে এসব গেট পরিচালনা করা যাবে।
প্রশাসক আরও বলেন, জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ সমস্যা থেকে নগরবাসী অনেকটাই মুক্তি পাবেন। এ অঞ্চলে কম্পিউটারাইজড পদ্ধতির এত বড় প্রকল্প আগে বাস্তবায়িত হয়নি। প্রকল্পের সফল বাস্তবায়নে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসএস/আরএন