আগামী পাঁচ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে ৫২ হাজার ৬৮০ জনকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সময়ে ৪১ হাজার ৮৮৩ জনকে ফ্রিল্যান্সিং এবং ১১ হাজার ২৪৮ জন তরুণ-তরুণীকে উদ্যোক্তা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।
এ ছাড়া ৫০০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকেও আইসিটি বিষয়ে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের এক প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এসব তথ্য জানান।
মন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে এসব প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করবে আইসিটি বিভাগ। এ লক্ষ্যে দেশের ৪০০টি উপজেলায় উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র এবং ২৯টি আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণের কাজ চলমান রয়েছে।
তরুণ উদ্যোক্তা তৈরিতেও বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোতে সরাসরি বিনিয়োগের পাশাপাশি ফান্ড অব ফান্ডসের মাধ্যমে অর্থায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে চালু করা হয়েছে স্টার্টআপ অনুদান।
এ ছাড়া নতুন উদ্যোক্তা তৈরি, উদ্ভাবন ও স্টার্টআপ কার্যক্রমকে এগিয়ে নিতে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।
সরকারের এসব উদ্যোগের মাধ্যমে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, ফ্রিল্যান্সিংয়ের সুযোগ সম্প্রসারণ এবং নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি দেশের আইসিটি খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।
আরএন