বগুড়া ও এর সন্নিহিত এলাকার পরিকল্পিত নগরায়ণ এবং আধুনিক অবকাঠামো উন্নয়নে জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ শীর্ষক বিল পাস হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়।
এর আগে বিলটির ওপর জনমত যাচাই এবং বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। গত ৯ নভেম্বর সংসদে বিলটি উত্থাপনের পর অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল।
সংসদে জানানো হয়, বগুড়া ও এর আশপাশের এলাকায় সমন্বিত, পরিকল্পিত ও টেকসই নগরায়ণ নিশ্চিত করাই এ আইনের মূল লক্ষ্য। পাশাপাশি পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ণ প্রতিরোধ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলা এবং তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশে কাজ করবে নতুন কর্তৃপক্ষ।
এ লক্ষ্য বাস্তবায়নে বিলে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক)’ প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। কর্তৃপক্ষটি সংশ্লিষ্ট এলাকার নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন ও কার্যকর নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করবে।
উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরকেন্দ্র বগুড়ার ক্রমবর্ধমান নগরায়ণ ও নাগরিক সুবিধা সম্প্রসারণের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (খুউক) ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (রাউক) আদলে এ প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংসদে মন্ত্রী জানান, নতুন আইন কার্যকর হলে বগুড়া ও এর সন্নিহিত এলাকার দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ, পরিবেশ সংরক্ষণ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে উঠবে।
আরএন