ফোনের গ্যালারিতে থাকা ব্যক্তিগত ছবি ও ভিডিও থেকে ফেসবুকে পোস্টের পরামর্শ দেওয়ার একটি ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ছবি ও ভিডিওতে যথাযথ সম্মতি ছাড়াই প্রবেশের সুযোগ রাখার অভিযোগ উঠেছে।
শনিবার (১৪ নভেম্বর) জরিমানার এ সিদ্ধান্ত জানায় ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ। রোববার (১৫ নভেম্বর) বিবিসি, রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। কর্তৃপক্ষের ভাষ্য, ফেসবুক অ্যাপের একটি ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের ফোনে সংরক্ষিত ছবি, ভিডিও এবং সংশ্লিষ্ট মেটাডেটায় প্রবেশ করা হয়েছে। অথচ এ বিষয়ে ব্যবহারকারীদের যথাযথভাবে অবহিত করা হয়নি এবং নির্দিষ্ট সম্মতিও নেওয়া হয়নি।
‘গেট সাজেশনস ফ্রম গ্যালারি হোয়াইল ব্রাউজিং ফেসবুক’ নামের ফিচারটি ২০২৩ সাল থেকে চালু ছিল। ফেসবুক ব্যবহারের সময় ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও থেকে পোস্ট করার পরামর্শ দিত এটি। ফিচারটি ব্যবহারের জন্য অ্যাপটি গ্যালারিতে প্রবেশের অনুমতি চাইত।
ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের তদন্তে দেখা গেছে, ফেসবুক অ্যাপের একক অনুমতির মাধ্যমেই গ্যালারিতে প্রবেশের সুযোগ তৈরি হতো। ওই অনুমতি একাধিক ফিচারের জন্য প্রযোজ্য ছিল। ব্যবহারকারীদের সামনে দেওয়া সাধারণ একটি নোটিশ থেকে তাঁরা বুঝতে পারতেন না যে এর মাধ্যমে গ্যালারির ছবি ও ভিডিও ব্যবহারের অনুমতিও দেওয়া হচ্ছে। ফিচারটি ডিফল্টভাবেও চালু ছিল।
এ ঘটনায় মেটাকে ৬০ দিনের সময়সীমা দিয়েছে ইতালির কর্তৃপক্ষ। এ সময়ের মধ্যে ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে চালু রাখার ব্যবস্থা বন্ধ করতে হবে। পাশাপাশি, ফিচারটির জন্য আলাদাভাবে সুনির্দিষ্ট সম্মতি নিতে এবং ব্যবহারকারীদের কাছে এর উদ্দেশ্য ও বন্ধ করার পদ্ধতি স্পষ্ট করতে হবে।
জরিমানার পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীর সংখ্যা, লঙ্ঘনের স্থায়িত্ব, মেটার অসহযোগিতা এবং প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আগের একটি সিদ্ধান্তের বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের হিসাবে, জরিমানার অঙ্ক মেটা গ্রুপের বৈশ্বিক আয়ের প্রায় শূন্য দশমিক ৪৭ শতাংশ।
তবে মেটা ইতালির কর্তৃপক্ষের সিদ্ধান্তের সঙ্গে একমত নয়। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, ঘটনার মূল্যায়ন, আইন প্রয়োগ এবং জরিমানার পরিমাণ নির্ধারণের পদ্ধতির সঙ্গে তারা দ্বিমত পোষণ করেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে, মেটার দাবি, ফেসবুকে ছবি ও ভিডিও পোস্ট করা সহজ করতেই ফিচারটি চালু করা হয়েছিল। ব্যবহারকারীরা ফোনের সেটিংস থেকে প্রয়োজনীয় অনুমতি পরিবর্তন করতে পারেন বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে, গ্যালারির ছবি ও ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রশিক্ষণে ব্যবহারের অভিযোগ এই তদন্তের আওতায় ছিল না বলে জানিয়েছে ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ। মেটা এ ধরনের ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে। ২০২৬ সালে চালু হওয়া গ্যালারির কনটেন্ট ক্লাউডে প্রক্রিয়াকরণের নতুন ফিচারটি আলাদাভাবে পর্যালোচনার বিষয়েও কর্তৃপক্ষ জানিয়েছে।
এর আগে গত ২১ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে মেটাকে ২৫ বিলিয়ন ডলার বা ২ হাজার ৫০০ কোটি ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেন। ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবস্থাপনা এবং তথ্যের নিরাপত্তা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে করা মামলায় এ আদেশ আসে। মামলাটি ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে দায়ের করা হয়েছিল। ওই প্রতিষ্ঠানটি তৃতীয় পক্ষের একটি অ্যাপের মাধ্যমে ২০১৬ সালে প্রায় ৮ কোটি ৭০ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করেছিল বলে অভিযোগ রয়েছে। মেটা ওই রায়ের বিরুদ্ধেও আপিল করার কথা জানিয়েছে।
এসএস