দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার বিধ্বংসী বোলিংয়ে শুরুতেই বিপর্যয়ে পড়লেও তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২ রানে ৩ উইকেট হারানোর পর এই দুই ব্যাটারের প্রতিরোধে লাঞ্চ বিরতিতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ৯১ রান।
রোববার (১৫ নভেম্বর) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ইনিংসের শুরুতেই রাবাদার গতির কাছে অসহায় হয়ে পড়েন বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটাররা।
অভিষিক্ত মাহফিজুল ইসলাম ইনিংসের প্রথম বলেই রাবাদার বলে মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর একই বোলারের শিকার হয়ে সাজঘরে ফেরেন মুমিনুল হক। মাত্র ২ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। পরে ১২ রান করা অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে বোল্ড করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন রাবাদা। তাতে ৮.৫ ওভারে ২২ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।
এ অবস্থায় চতুর্থ উইকেটে দলের হাল ধরেন তানজিদ ও হৃদয়। শুরুতে উইকেট আগলে রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন দুজন। ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পেয়ে রান বাড়াতে থাকেন তারা। তাদের অবিচ্ছিন্ন জুটিতে আসে ৬৯ রান, যা প্রথম সেশনে বাংলাদেশকে বড় বিপর্যয় থেকে রক্ষা করে।
চাপের মধ্যেও দায়িত্বশীল ব্যাটিংয়ের পাশাপাশি আক্রমণাত্মক মনোভাব দেখিয়েছেন তানজিদ। ৮২ বলে ৫১ রান করে অপরাজিত থাকা এই বাঁহাতি ব্যাটার নিজের ইনিংসে মেরেছেন ৯টি চার। অন্য প্রান্তে হৃদয় অপরাজিত আছেন ৪৩ বলে ২৩ রান নিয়ে। তার ইনিংসে রয়েছে দুটি চার।
লাঞ্চ বিরতির স্কোর: বাংলাদেশ ৯১/৩, ২৬ ওভার। তানজিদ ৫১*, হৃদয় ২৩*।
এই সিরিজে মোট দুটি টেস্ট খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টটি ১৫ থেকে ১৯ নভেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিত হচ্ছে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে।
দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বশেষ ২০২২ সালে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার স্বাগতিকদের কাছে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছিল টাইগাররা।
এসএস