রাঙামাটির রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে রোগীদের চিকিৎসাসেবায় অব্যবস্থাপনা, অপরিচ্ছন্ন পরিবেশ, নোংরা বিছানার চাদর, অপরিচ্ছন্ন টয়লেটসহ বিভিন্ন অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম।
গতকাল দুপুরে দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সরোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দুদক সূত্রে জানা গেছে, রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের হয়রানি, ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে এ এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়।
অভিযানকালে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবা প্রদানে অনিয়ম, নোংরা বিছানার চাদর, অপরিচ্ছন্ন টয়লেট, অফিসে গাড়িচালকের অনুপস্থিতি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ খাতের বরাদ্দ অন্যান্য খাতে ব্যয়ের মতো বিভিন্ন অব্যবস্থাপনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
দুদক কর্মকর্তারা জানান, অভিযানে পাওয়া বিভিন্ন অনিয়মের তথ্য ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই করে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
এ বিষয়ে দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সরোয়ার হোসেন জানান, গতকাল দুপুরে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ভুয়া বিল-ভাউচার তৈরি এবং অন্যান্য অনিয়মের অভিযোগসংক্রান্ত নথিপত্র যাচাই-বাছাই করে কমিশনে প্রতিবেদন পাঠানো হবে।
মহিউদ্দিন/এসএ