বরগুনা পুলিশ লাইনের সামনে পার্কিং করে রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
জানা যায়, বরগুনা-খুলনা রুটে চলাচলকারী বিআরটিসির বাসগুলো পুলিশ লাইনের সামনের সড়কে পার্কিং করে রাখা হয়। প্রতিদিনের মতো শনিবারও একটি বাস সেখানে রাখা হয়েছিল। পরে গভীর রাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
এ সময় পুলিশ লাইনের সদস্যরা বাসটিতে আগুন জ্বলতে দেখে দ্রুত পানি দিয়ে তা নেভান। এতে বাসটির কিছু অংশ পুড়ে যায়। তবে তাৎক্ষণিক পদক্ষেপের কারণে আগুন ছড়িয়ে পড়তে পারেনি।
এ ঘটনায় এখনো জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি। আগুন দেওয়ার কারণও জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
এফএস