দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৮৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত ৯৮৮ জনের মধ্যে ৬১ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে ঢাকায় দুজন এবং সিলেটে দুজনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ২ লাখ ৩৭ হাজার ৭০২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২৪ হাজার ৩৫৫ জনের হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭৫ জনে। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৮৮৩ জন হাম রোগী। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৬৩ জন। সংক্রমণের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ২ লাখ ১১ হাজার ৮৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৩ হাজার ২৫৭ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪২৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন দুজন। সিলেটে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৪২ জন এবং মারা গেছেন দুজন।
এ ছাড়া চট্টগ্রামে ১৬৩ জন, বরিশালে ৯৭ জন, ময়মনসিংহে ৫২ জন, খুলনায় ৪০ জন, রাজশাহীতে ৩৩ জন এবং রংপুরে ৩৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
এসএস