রাজনৈতিক মদদ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশ ছাড়া দেশে মাদক পরিবহন ও হটস্পট পরিচালনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ইশরাক হোসেন। তার দাবি, সীমান্ত থেকে রাজধানী পর্যন্ত মাদক পাচারে সক্রিয় একাধিক সিন্ডিকেট। এমনকি ঢাকায় মেথ ল্যাবের অস্তিত্ব পাওয়ার কথাও জানান তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর সিডরাপ মিলনায়তনে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সীমান্ত থেকে রাজধানী পর্যন্ত একাধিক সিন্ডিকেটের মাধ্যমে দেশে মাদক ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ইশরাক হোসেন।
তিনি আরও বলেন, মাদক পাচারে রাজনৈতিক মদদ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশ রয়েছে। সীমান্তে মাদক প্রবেশের পর দেশের ভেতরে একাধিক সিন্ডিকেটের হাতবদলে তা ছড়িয়ে পড়ছে।
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন বলেন, অনুসন্ধানে কয়েকটি পরিবহনের মাধ্যমে মাদক সরবরাহের তথ্য পাওয়া গেছে। এমনকি ওষুধের নামে রাসায়নিক এনে ঢাকায় মেথ তৈরির ল্যাব পরিচালনার তথ্যও রয়েছে। মাদকের চাহিদা পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণে আনতে হবে। এ জন্য মাদক পাচারের পুরো সাপ্লাই চেইন ভেঙে দেয়া এবং রাজনৈতিক সংশ্লিষ্টতাসহ জড়িত সবাইকে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
এসএ