ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স কলেজ
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আবারও শিক্ষার্থীদের সড়ক অবরোধ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১:০৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে রাতভর বিক্ষোভের পর সকালে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

আজ শুক্রবার সকাল ১০ টা নাগাদ কলেজের সামনের সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেন। পাশাপাশি নারীদের ক্যাম্পাসে পুলিশের প্রবেশ ও লাঠিচার্জের প্রতিবাদ জানান। 

কলেজ শিক্ষার্থী দীপ্তি জানান, এখনও পর্যন্ত তাদের সাথে কলেজ প্রশাসন কোনো ধরণের আলোচনা করেনি। গতকাল যারা আহত হয়েছিলেন তারা এসে আবার আমাদের আন্দোলনে যোগ দিয়েছে। পুলিশ কোনো শিক্ষার্থীকে আটক করতে পারেনি বলেও তিনি জানান। 

দীপ্তি আরও জানান, পূর্বের দাবিগুলো নিয়েই আমরা আন্দোলন করছি তবে পরীক্ষা বন্ধের দাবি জানালেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা দেওয়ার সুযোগ আমরাই করে দিয়েছি।

গতকাল রাত ২ টা ১০ মিনিটে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা এবং রাতের মতো কর্মসূচি শেষ করেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে তামান্না ইসলাম জানান, সকাল আটটা থেকে আবার কর্মসূচি পালন করবে। শুক্রবারের অনুষ্ঠিতব্য চাকরীর পরীক্ষার সময় তারা আন্দোলন বন্ধ রাখবেন এবং পরীক্ষা শেষে আবার তা শুরু করবেন।

এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে অধ্যক্ষকে প্রায় ১১ ঘণ্টা অবরুদ্ধ রাখার পর রাত সাড়ে ১১টার দিকে পুলিশ এসে অধ্যক্ষকে উদ্ধার করে নিয়ে যায়। এসময় পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।

অধ্যক্ষকে নিয়ে যাওয়ার পর রাত সাড়ে ১২টার পরেও শতাধিক শিক্ষার্থীদের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করছেন শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমরা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছিলাম। কিন্তু শিক্ষকরা পুলিশ নিয়ে এসে আমাদের ওপর লাঠিচার্জ করিয়েছে। আমাদের দুজন শিক্ষার্থী আহত হয়েছে। একজন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছে।

তাদের ৪ দাবির মধ্যে রয়েছে— ক্যাম্পাসে সরকারি কোনো পরীক্ষা হবে না, শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করা পুলিশ সদস্যদের শোকজ করা, অধ্যক্ষ পদত্যাগের লিখিত পত্র না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, যেসকল শিক্ষক ও কর্মচারী এই হামলাকে বৈধতা দিয়েছে তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করা।

বিরোধের সূত্রপাত মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে। পূজার ছুটির আগে কলেজের তিনটি আবাসিক হলের পাঁচ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করেন। রাত ১০টার মধ্যে অনুষ্ঠান শেষ করার নির্দেশনা থাকলেও শিক্ষার্থীদের অনুরোধে সময় বাড়িয়ে রাত ১২টা করা হয়। কিন্তু অনুষ্ঠান শেষ হয় ভোর ৪টা থেকে ৫টার মধ্যে।

শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত সময়ের পর অনুষ্ঠান চলায় সমন্বয়কারী দুই শিক্ষার্থীর হলের আসন বাতিলের সিদ্ধান্ত নেন অধ্যক্ষ। পরে ক্ষমা চাইতে গেলে আসন ফিরিয়ে দেওয়ার শর্ত হিসেবে এক রাতের এসি ও বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা দাবি করা হয়। এই দাবিকে অযৌক্তিক উল্লেখ করে শিক্ষার্থীরা প্রতিবাদ শুরু করেন।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝