ফিলিস্তিনিদের নিজস্ব ভূমি, অধিকার ও সম্প্রদায় রক্ষার আন্দোলনকে অপরাধ হিসেবে গণ্য না করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সংস্থাটির গবেষণা, অ্যাডভোকেসি, নীতি ও প্রচারবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক এরিকা গুয়েভারা রোসাস বলেছেন, ফিলিস্তিনি ভূমি অধিকারকর্মী গাসান নাজ্জারকে আটক করার ঘটনা উদ্বেগজনক। এটি ভূমি থেকে উচ্ছেদ এবং অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে প্রতিবাদ জানানো ফিলিস্তিনিদের ওপর চলমান দমন-পীড়ন ও হয়রানির আরেকটি উদাহরণ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি গাসান নাজ্জারের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দাবি করেন।
এরিকা গুয়েভারা রোসাস আরও বলেন, যারা নিজেদের ভূমি, অধিকার ও মানবাধিকার রক্ষায় কাজ করছেন, তাদেরই লক্ষ্যবস্তু করা হচ্ছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় নীরব থাকতে পারে না।
তিনি ফিলিস্তিনি অধিকারকর্মীদের বিরুদ্ধে দমন-পীড়ন বন্ধ এবং তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এফএস