ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যুক্তরাষ্ট্রের নির্বাচনে বড় ধাক্কা মাস্কের, অনিশ্চিত টেক্সাসে তথ্যকেন্দ্র নির্মাণ পরিকল্পনা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:৪৪ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে বিপুল অর্থ ব্যয় করেও কাঙ্ক্ষিত ফল পাননি বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। নির্বাচনে তার সমর্থিত অধিকাংশ প্রার্থী পরাজিত হয়েছেন। এর ফলে টেক্সাসে ব্যাপক পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক তথ্যকেন্দ্র নির্মাণের পরিকল্পনাও অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশেষ করে টেক্সাসের গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসার আকস্মিক ও দাপুটে জয় মাস্কের পরিকল্পনায় বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের জেতাতে প্রায় ৪৪ কোটি ৬০ লাখ ডলার ব্যয় করেছেন মাস্ক। কোনো নির্বাচনে প্রার্থী নন, এমন ব্যক্তির নির্বাচনি প্রচারে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যয়ের রেকর্ড। এর মধ্যে টেক্সাসকেন্দ্রিক নির্বাচনি প্রচার ও উদ্যোগে ব্যয় করেছেন ২০ কোটি ডলারের বেশি।

তবে বিপুল অর্থ ব্যয় করেও নিজের পছন্দের প্রার্থীদের জেতাতে পারেননি তিনি। টেক্সাসের সিনেট নির্বাচনে কেন প্যাক্সটন এবং ওহাইওর গভর্নর নির্বাচনে বিবেক রামাস্বামীর মতো প্রার্থীরা পরাজিত হয়েছেন।

মাস্কের জন্য সবচেয়ে বড় ধাক্কা এসেছে টেক্সাসে। সেখানে গভর্নর নির্বাচনে বর্তমান রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে হারিয়ে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসা। প্রযুক্তি খাতের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত অ্যাবটের পরাজয়ে টেক্সাসে মাস্কের তথ্যকেন্দ্র নির্মাণ পরিকল্পনা নতুন অনিশ্চয়তায় পড়েছে।

নির্বাচনের ফল প্রকাশের পর বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্ক লিখেছেন, ‘মহাকাশে তথ্যকেন্দ্র নির্মাণের ধারণাটি এখন বেশ আকর্ষণীয় মনে হচ্ছে।’ এর কিছুক্ষণ পর নির্বাচনে হস্তক্ষেপের বিষয়ে রসিকতা করে তিনি লেখেন, ‘মনে হচ্ছে, আমার নির্বাচনে হস্তক্ষেপকারী মহাকাশ লেজারগুলো এবার কাজ করেনি।’

মাস্কের বসবাসের জায়গা টেক্সাস গত কয়েক বছরে তথ্যকেন্দ্র নির্মাণ ও প্রযুক্তি বিনিয়োগের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের কারণে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়াতে এসব কেন্দ্র গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট প্রযুক্তি খাতের উদ্যোক্তা এবং ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে তথ্যকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে জনমত তৈরি হলেও টেক্সাসকে এ খাতের বিনিয়োগের জন্য বিশেষ সুবিধাজনক জায়গা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ছিল।

তবে অনুসন্ধানী সংবাদমাধ্যম হান্টারব্রুক মিডিয়ার প্রকাশক স্যাম কোপেলম্যান মনে করেন, এবারের নির্বাচন সেই পরিস্থিতি বদলে দিয়েছে। তার মতে, যুক্তরাষ্ট্রের অন্যত্র তথ্যকেন্দ্র নির্মাণ নিয়ে বিরোধিতা থাকলেও টেক্সাসকে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের জন্য বিশেষ সুবিধাজনক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছিল। নির্বাচনের ফল সেই ধারণায় বড় পরিবর্তন এনেছে।

এদিকে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় মাস্কের জন্য আরেকটি রাজনৈতিক চাপ তৈরি হতে পারে। প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীদের কংগ্রেসে তলব করে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়ে আসছেন ডেমোক্র্যাটদের কেউ কেউ।

টেক্সাসের ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগ কাসার বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের ধনকুবেরদের অর্থে কেনা রিপাবলিকানদের ভোটাররা প্রত্যাখ্যান করেছেন। ডেমোক্র্যাটদের উচিত এসব ধনকুবেরের কাছ থেকে অনুদান নেওয়ার পরিবর্তে তাঁদের জবাবদিহির আওতায় আনা।

সব মিলিয়ে নির্বাচনে বিপুল অর্থ বিনিয়োগ করেও কাঙ্ক্ষিত রাজনৈতিক প্রভাব ধরে রাখতে পারেননি মাস্ক। একই সঙ্গে টেক্সাসে তার প্রযুক্তি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝