যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিসের। সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী জানুয়ারিতে তিনি এ পদে বসতে পারেন। নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হবেন তিনি।
২০১৩ সালে প্রতিনিধি পরিষদের সদস্য হওয়ার পর থেকেই জেফ্রিসের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দলের জ্যেষ্ঠ কৃষ্ণাঙ্গ নেতাদের মধ্যে আলোচনা শুরু হয়। তাঁদের পরিকল্পনা ছিল, ন্যান্সি পেলোসি অবসর নিলে তাঁর জায়গায় জেফ্রিসকে স্পিকার করা। প্রায় দেড় দশক পর সেই পরিকল্পনা বাস্তব হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের সাংবিধানিক উত্তরাধিকার-ক্রমে ভাইস প্রেসিডেন্টের পরই স্পিকারের অবস্থান। ফলে এ পদে নির্বাচিত হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে জেফ্রিসের রাজনৈতিক গুরুত্ব বাড়বে।
কংগ্রেস সদস্য ইমানুয়েল ক্লিভার মনে করেন, জেফ্রিসের নেতৃত্বে ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই প্রশাসনের অনেকেরই রাতে নিশ্চিন্তে ঘুমানো উচিত নয়।’
তথ্যসূত্র: সিএনএন।