দেশের রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতের উন্নয়ন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা জোরদারে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় চুক্তি করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি।
এ তহবিল থেকে হিমায়িত চিংড়ি, মাছ, মৎস্যজাত পণ্যসহ অন্যান্য হিমায়িত খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তারা ৭ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান এবং এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহিন হাওলাদার, এসএমই-অ্যাগ্রি বিজনেস বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির, যুগ্ম পরিচালক তানজিয়া সুলতানাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় এনআরবিসি ব্যাংকের অর্থায়নে রপ্তানিযোগ্য হিমায়িত খাদ্যপণ্যের কাঁচামাল সংগ্রহ, বাণিজ্যিক চাষাবাদ, কারখানা আধুনিকায়ন, প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়, হিমাগার ও কোল্ড স্টোরেজ স্থাপন এবং বন্ধ বা আংশিক বন্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা পুনরায় চালুর সুযোগ তৈরি হবে।
এনআরবিসি ব্যাংক পিএলসির পক্ষ থেকে জানানো হয়, দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশ এবং উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়ন সুবিধা নিশ্চিত করতে ব্যাংকটি কাজ করে যাচ্ছে।
এসএস