ভোক্তাদের কাছে ডানো ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডার আরও সহজলভ্য করতে ফার্মাসিউটিক্যাল ও স্বাস্থ্যসেবা পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফার্মা সল্যুশন্স বাংলাদেশ লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে আরলা ফুডস বাংলাদেশ। এ চুক্তির ফলে এখন থেকে ঢাকার বিভিন্ন ফার্মেসিতে পাওয়া যাবে পণ্যটি। পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও এর সরবরাহ সম্প্রসারণ করা হবে।
এ লক্ষ্যে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। চুক্তি অনুযায়ী, ঢাকার বিভিন্ন ফার্মেসিতে ডানো ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডারের একমাত্র পরিবেশক হিসেবে দায়িত্ব পালন করবে ফার্মা সল্যুশন্স বাংলাদেশ।
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরলা ফুডস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট পন্টি, হেড অব সেলস মাহের-ই-খোদা এবং হেড অব মার্কেটিং, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি আনোয়ারুল আমিন। অন্যদিকে ফার্মা সল্যুশন্স বাংলাদেশ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান একরাম হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা পল্লব চক্রবর্তী এবং হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস অশোক কুমার চক্রবর্তীসহ অন্য কর্মকর্তারা।
দুধে থাকা ল্যাকটোজ একধরনের প্রাকৃতিক শর্করা, যা অনেকের শরীরে সহজে হজম হয় না। ফলে দুধ পান করার পর পেট ফাঁপা, গ্যাস কিংবা পেটে অস্বস্তির মতো সমস্যা দেখা দিতে পারে। ল্যাকটোজ হজমে সমস্যায় ভোগা ভোক্তাদের কথা বিবেচনায় রেখেই তৈরি করা হয়েছে ডানো ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডার।
আরলা ফুডস বাংলাদেশের তথ্য অনুযায়ী, সাধারণ ফিলড মিল্ক পাউডারে ল্যাকটোজের পরিমাণ যেখানে প্রায় ৩৬ শতাংশ, সেখানে ডানো ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডারে তা কমিয়ে প্রায় ৩ শতাংশে আনা হয়েছে। তবে এতে দুধের প্রয়োজনীয় পুষ্টি উপাদান অক্ষুণ্ন রাখা হয়েছে। পণ্যটিতে রয়েছে প্রোটিন, ভিটামিন এ ও ভিটামিন ডি৩-এর মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। প্রতিষ্ঠানটির দাবি, এটি বাংলাদেশের প্রথম ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডার।
নতুন এ অংশীদারিত্ব প্রসঙ্গে আরলা ফুডস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট পন্টি বলেন, ‘হজমের অস্বস্তির কারণে ভোক্তারা যেন প্রয়োজনীয় দুগ্ধজাত পুষ্টি থেকে দূরে না থাকেন, সেটিই আমাদের লক্ষ্য। ফার্মেসির মাধ্যমে সরবরাহের ফলে যাঁরা তুলনামূলক সহজপাচ্য ও পুষ্টিকর দুধের বিকল্প খুঁজছেন, তাঁদের কাছে ডানো ল্যাক্টো রিডিউসড আরও সহজলভ্য হবে।’
ফার্মা সল্যুশন্স বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান একরাম হোসেন বলেন, ঢাকাজুড়ে ভোক্তাদের কাছে পণ্যটি পৌঁছে দিতে প্রতিষ্ঠানটির বিস্তৃত স্বাস্থ্যসেবা পণ্য বিতরণ নেটওয়ার্ক কাজে লাগানো হবে। পরবর্তী সময়ে দেশের অন্যান্য এলাকাতেও বিতরণ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
ল্যাকটোজ হজমে সমস্যা হলে অনেকেই দুধ ও দুগ্ধজাত খাবার খাওয়া কমিয়ে দেন কিংবা পুরোপুরি এড়িয়ে চলেন। তাঁদের জন্য কম ল্যাকটোজযুক্ত ডানো ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডার দুধের একটি বিকল্প হতে পারে।
-টিএস