পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি কত হবে, তা নির্ধারণের প্রক্রিয়া শুরু করতে আজ বুধবার (৪ নভেম্বর) প্রথম সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড।
গার্মেন্টস শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর মজুরি পুনর্নির্ধারণের সুপারিশ তৈরির লক্ষ্যে এ সভা ডাকা হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।
বুধবার সকাল ১১টায় ঢাকার সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সিনিয়র জেলা জজ।
নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গার্মেন্টস শিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সদস্যদের পরিচয়পর্বের পাশাপাশি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি কত হওয়া উচিত, সে বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া অন্যান্য বিষয়ও আলোচনায় থাকবে।
এই সভার মধ্য দিয়ে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। শ্রমিকদের প্রত্যাশা ও শিল্পের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বোর্ড পরবর্তী সময়ে মজুরি বিষয়ে সুপারিশ তৈরি করবে।