ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নারী প্রতিনিধিত্ব নিয়ে জামায়াতের বক্তব্যকে বিভ্রান্তিকর বলল টিআইবি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১০:২৬ পিএম
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিজেদের গবেষণা প্রতিবেদন নিয়ে দেওয়া বক্তব্যকে ‘বিভ্রান্তিকর ও সত্যের অপলাপ’ বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে নারীদের প্রতিনিধিত্ব না থাকার বিষয়ে গবেষণায় উঠে আসা তথ্যকে অসত্য বলার সুযোগ নেই।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অবস্থান জানায় টিআইবি।

বিবৃতিতে সংস্থাটি জানায়, নির্বাচন কমিশনের নিবন্ধনসংক্রান্ত বিধান অনুযায়ী ২০৩০ সালের মধ্যে রাজনৈতিক দলগুলোর সব পর্যায়ের কমিটিতে ন্যূনতম ৩৩ শতাংশ নারী সদস্য অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা রয়েছে। কিন্তু জামায়াতে ইসলামীর ২০২৩-২৫ মেয়াদের ১৯ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে কোনো নারী সদস্য নেই। টিআইবির মতে, এটি গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশ্লিষ্ট বিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

সম্প্রতি ‘বাংলাদেশের রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। ওই প্রতিবেদন নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে দাবি করেন, দলটির কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন নারী এবং কেন্দ্রীয় মজলিসে শুরায় ১২২ জন নারী সদস্য রয়েছেন। এ ছাড়া দলের রুকনদের প্রায় ৪৩ শতাংশ নারী।

এর জবাবে টিআইবি বলেছে, তাদের গবেষণায় রাজনৈতিক দলের জাতীয় বা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ কিংবা কমিটিতে নারীদের প্রতিনিধিত্ব বিশ্লেষণ করা হয়েছে। জাতীয় কাউন্সিল, সম্মেলন বা মজলিসে শুরায় নারী সদস্যের সংখ্যা এ গবেষণার আওতাভুক্ত ছিল না। আরপিওতে দলের প্রতিটি কমিটিতে নারী সদস্য অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে, মোট নারী সদস্যের সংখ্যা নির্ধারণের কথা নয়। ফলে মজলিসে শুরা ও রুকনদের নারী সদস্যের সংখ্যা তুলে ধরে গবেষণার ফলাফল খণ্ডন করা প্রাসঙ্গিক নয়।

টিআইবির বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতের গঠনতন্ত্রে প্রতিটি সাংগঠনিক স্তরে পুরুষদের পাশাপাশি নারীদের জন্য পৃথক কমিটি ও কার্যক্রম পরিচালনার বিধান রয়েছে। নারী কর্মীদের জন্য পৃথক মজলিসে শুরা ও কর্মপরিষদও রয়েছে। তবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদে কোনো নারী সদস্য নেই। আমির, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলের মতো গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় পদেও নারীদের অন্তর্ভুক্তির নজির নেই।

সংস্থাটির মতে, নারীদের জন্য পৃথক কমিটি গঠন করলেই দলীয় কার্যক্রমে তাদের প্রকৃত অংশগ্রহণ নিশ্চিত হয় না। বরং এ ধরনের ব্যবস্থা নারীদের নির্দিষ্ট পরিসরের মধ্যে সীমাবদ্ধ রাখে। পৃথক কমিটিকে দলের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ হিসেবে উপস্থাপন করা একধরনের শুভঙ্করের ফাঁকি।

গবেষণা প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী কোনো আসনেই নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি। অথচ দলটির দাবি অনুযায়ী, তাদের সদস্যদের প্রায় ৪৩ শতাংশ নারী। এ বিষয়ে জামায়াতের দেওয়া বিবৃতিতে কোনো মন্তব্য করা হয়নি বলেও জানিয়েছে টিআইবি।

জামায়াতের গঠনতন্ত্রের কয়েকটি ধারার সমালোচনাও করেছে সংস্থাটি। টিআইবির দাবি, ইসলামের মৌলিক বিশ্বাসের ভিত্তিতে সমাজ গঠন, আল্লাহর বিধান ছাড়া অন্য সব নিয়মনীতি প্রত্যাখ্যান, ইসলামী আকিদাবিরোধী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক না রাখা এবং মুসলিম ও অমুসলিম নাগরিকদের সদস্যপদের ক্ষেত্রে পৃথক শর্ত আরোপের মতো বিধান সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। এর মধ্যে জনগণের সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা, ধর্মীয় স্বাধীনতা এবং ধর্ম ও লিঙ্গের ভিত্তিতে বৈষম্য না করার নীতিও রয়েছে।

টিআইবি বলেছে, গবেষণার ফলাফল অস্বীকার এবং অপ্রাসঙ্গিক তথ্য ব্যবহারের মাধ্যমে জামায়াতে ইসলামী তাদের প্রকৃত রাজনৈতিক চর্চাকে আড়াল করার চেষ্টা করছে। তবে গবেষণা প্রতিবেদনটি গুরুত্বসহকারে পর্যালোচনা করায় দলটিকে সাধুবাদ জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে গবেষণার সুপারিশ অনুযায়ী জামায়াতসহ দেশের সব রাজনৈতিক দলকে নিজ নিজ দলের প্রাতিষ্ঠানিক সংস্কারের আহ্বান জানিয়েছে।

গবেষণার পদ্ধতি সম্পর্কে টিআইবি জানায়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণাপদ্ধতি অনুসরণ করে তথ্য সংগ্রহ করা হয়েছে। এ জন্য রাজনৈতিক দলের কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি, নেতা-কর্মী, নির্বাচন কমিশনের কর্মকর্তা, রাজনৈতিক বিশ্লেষক, শিক্ষক ও গবেষকদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। পাশাপাশি রাজনৈতিক দলের ওয়েবসাইট, দলীয় দপ্তর, গণমাধ্যম, গবেষণা প্রবন্ধ ও বই থেকে সংগৃহীত তথ্য বিভিন্ন পর্যায়ে যাচাই-বাছাই করা হয়েছে।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝