‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৩ ও ৪ নভেম্বর দুই দিনব্যাপী সৌরবিদ্যুৎ এক্সপো অনুষ্ঠিত হবে। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এ প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এর আগে গত রোববার (১ নভেম্বর) বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জানান, উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করবেন।
বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে প্রথমবারের মতো এ এক্সপোর আয়োজন করেছে।
এক্সপোতে থাকছে চারটি সেমিনার
দুই দিনব্যাপী এ আয়োজনে সৌরবিদ্যুতের বিভিন্ন দিক, দেশব্যাপী এর সম্প্রসারণ, জাতীয় জ্বালানি মিশ্রণে সৌরবিদ্যুতের অংশ বৃদ্ধি এবং ছাদসহ অব্যবহৃত জমিতে সৌর প্যানেল স্থাপনে উৎসাহিত করার বিষয়ে চারটি সেমিনার অনুষ্ঠিত হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ঘাটতি কমিয়ে আনা এবং গ্রীষ্মকালে জনদুর্ভোগ ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে সরকার কাজ করছে।
সৌরবিদ্যুৎ খাতের সম্ভাবনা ও সুযোগ তুলে ধরা হবে
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০) বাস্তবায়নে সহায়তা করা এবং সৌরবিদ্যুতের প্রসারে সরকারি নীতি ও প্রণোদনা সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের অবহিত করা এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
প্রদর্শনীতে সৌরবিদ্যুৎ খাতের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরা হবে। পাশাপাশি বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলা এবং অর্থায়নের সম্ভাবনা সম্পর্কে ধারণা দেওয়া হবে।
এ ছাড়া সরকারি প্রণোদনা, পরিবেশবান্ধব প্রযুক্তি, কর ও শুল্ক সুবিধা, সবুজ ও জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট, সৌরচালিত সেচব্যবস্থা এবং প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগসহ নবায়নযোগ্য জ্বালানি খাতের নানা গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাবে এক্সপোতে।
এ আয়োজনে নীতিনির্ধারক, সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী, উদ্যোক্তা এবং সাধারণ ভোক্তাদের অংশগ্রহণের কথা রয়েছে।