ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
২৫ বাংলাদেশি-ভারতীয় আটক
মালদ্বীপে আন্দোলন করলেই দেশে ফেরত, আতঙ্কে প্রবাসীরা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৯:৩৭ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মালদ্বীপের একটি রিসোর্টে বেতন, কর্মঘণ্টা, ওভারটাইম ও চিকিৎসাসুবিধা নিয়ে শ্রমিক অসন্তোষের জেরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বাংলাদেশি ও ভারতীয় নাগরিকসহ ২০ থেকে ২৫ জন শ্রমিককে আটক করেছে পুলিশ।আটক শ্রমিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে বলে জানিয়েছেন আন্দোলনকারী শ্রমিকরা। এছাড়া আন্দোলনে জড়িত প্রায় ১৫০ জন শ্রমিককে দেশে ফেরত পাঠানোর আশঙ্কা তৈরি হয়েছে।রিসোর্টে কর্মরত এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানান, আন্দোলনকারী শ্রমিকরা মূলত ‘আইমা’ নামের একটি নির্মাণ কোম্পানির অধীনে কাজ করেন। তাদের অভিযোগ, মাসিক বেতন ৩০০ মার্কিন ডলার নির্ধারণ করা হলেও বর্তমানে ডলারের পরিবর্তে ৪ হাজার ৬০০ মালদ্বীপিয়ান রুফিয়া দেওয়া হচ্ছে। পাশাপাশি গত চার-পাঁচ মাস ধরে বেতন পরিশোধ করা হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তারা।শ্রমিকদের দাবি, প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দায়িত্ব পালনের পাশাপাশি প্রায় তিন ঘণ্টা অতিরিক্ত কাজ (ওভারটাইম) করতে হয়। সব মিলিয়ে তাদের মাসিক আয় প্রায় ৫ হাজার থেকে ৫ হাজার ৮০০ রুফিয়া।

শ্রমিকদের অভিযোগ, অসুস্থতার কারণে একদিন কাজে অনুপস্থিত থাকলে বেতন থেকে ৫ ডলার জরিমানা হিসেবে কেটে নেওয়া হয়। কর্মক্ষেত্রে দুর্ঘটনা ঘটলে প্রাথমিক চিকিৎসা বিনামূল্যে দেওয়া হলেও সাধারণ অসুস্থতায় রাজধানী মালেতে চিকিৎসা নিতে হলে সংশ্লিষ্ট শ্রমিককে নিজ খরচ বহন করতে হয়। এমনকি বড় ধরনের কর্মক্ষেত্রের দুর্ঘটনায় চিকিৎসার ব্যয়ও কোম্পানি বহন করে না বলে অভিযোগ করেছেন শ্রমিকরা।সূত্রের দাবি, শ্রমিকদের বেতনসংক্রান্ত দাবির পরিপ্রেক্ষিতে কোম্পানির পক্ষ থেকে বেতনের অর্ধেক মার্কিন ডলারে পরিশোধের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে আন্দোলনকারী শ্রমিকরা ওই প্রস্তাবে সন্তুষ্ট হননি। এর পরবর্তী সময়ে সংশ্লিষ্ট শ্রমিকদের কাজ বন্ধ করে দেওয়া হয় বলে জানা গেছে।রিসোর্টটিতে বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের নাগরিক কাজ করেন। আন্দোলনে বাংলাদেশি ও ভারতীয় শ্রমিকরা অংশ নিলেও ভারতীয় শ্রমিকের সংখ্যা তুলনামূলক বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।আইমা কোম্পানির সরাসরি নিয়োগের পাশাপাশি বিভিন্ন কন্ট্রাক্ট গ্রুপের মাধ্যমেও রিসোর্টটিতে শ্রমিকরা কাজ করেন। তাদের মধ্যে কেউ কেউ উন্মুক্ত ভিসায় এসে কাজ করছেন বলেও অভিযোগ রয়েছে।আন্দোলনের ঘটনার পর কন্ট্রাক্ট গ্রুপের অধীনে কর্মরত শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের আশঙ্কা, এ ঘটনার জেরে তারাও কোম্পানির পক্ষ থেকে হয়রানি বা বিভিন্ন সমস্যার মুখে পড়তে পারেন। এছাড়া অনেক শ্রমিকের কাজের বিল এখনো অনুমোদন হয়নি। ফলে ভবিষ্যতে বেতন পাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।এক শ্রমিকের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল বিকেল ৪টার দিকে পুলিশ রিসোর্টটিতে অভিযান চালায়। এ সময় আইমা কোম্পানির অধীনে কর্মরত বাংলাদেশি ও ভারতীয় নাগরিকসহ ২০ থেকে ২৫ জন শ্রমিককে আটক করে নিয়ে যাওয়া হয়।আন্দোলনকারী শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। পাশাপাশি আন্দোলনে জড়িত প্রায় ১৫০ জন শ্রমিককেও দেশে ফেরত পাঠানোর আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।তবে আটক শ্রমিকদের প্রকৃত সংখ্যা, তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কতজনকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানি, পুলিশ কিংবা মালদ্বীপের কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।শ্রমিকদের বেতন, কর্মঘণ্টা, ওভারটাইম, চিকিৎসাসুবিধা ও চুক্তির শর্ত নিয়ে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে আটক শ্রমিকদের বিরুদ্ধে নেওয়া আইনগত পদক্ষেপের স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।বিশেষ করে আটক শ্রমিকদের আইনি অবস্থান, বকেয়া বেতন এবং দেশে ফেরত পাঠানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করছেন প্রবাসী শ্রমিকরা।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement